- Home
- West Bengal
- দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
DA Case: দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্য সরকারি কর্মীরা। আজ বকেয়া ডিএ মামলার মূল শুনানি হচ্ছে না, শুধু এমএ পিটিশনের শুনানি হবে। কী জানালেন কনফেডারেশনের নেতারা, দেখুন বিস্তারিত।

ডিএ মামলায় ফের ধাক্কা
আবারও জোর ধাক্কা খেলেন রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA মামলার যে শুনানি আজ শুক্রবার ষষ্ঠীর দিন সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল, তা হচ্ছে না বলে জানা গিয়েছে।

ভিডিও বার্তায় জানালেন শ্যামল কুমার মিত্র
এক ভিডিও বার্তায় এই খবর জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সদস্য শ্যামল কুমার মিত্র। ফলে নিজেদের হকের টাকা পেতে সাধারণ কর্মীদের আরও অপেক্ষা করতে হবে।
দেখুন সেই পোস্টঃ
কোন বেঞ্চে শুনানির কথা ছিল
কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের পোস্ট অনুযায়ী, বিচারপতি পি. কে. মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে এদিন মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না বলেই জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের নেতা শ্য়ামল কুমার মিত্র।
১৯ আগস্টের নির্দেশ
শ্যামল মিত্র জানান, গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্ট যাবতীয় তথ্য ইন্দু মালহোত্রার কমিটিকে জানানোর নির্দেশ দিয়েছিল। পাশাপাশি বিভিন্ন সংগঠনের কারা প্রতিনিধি থাকবেন, তার তালিকাও চাওয়া হয়েছিল।
মালহোত্রা কমিটিতে ১০ সদস্য
এরপর বিচারক ১০ জন সদস্যকে মালহোত্রা কমিটির কাছে পাঠিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কর্মচারী পরিষদের পক্ষ থেকে কোনও প্রতিনিধির নাম দেওয়া হয়নি। ফলে ওই প্রতিনিধি দলে তাঁদের কেউ ছিলেন না।
শুনানি শুধু এমএ পিটিশনের
রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি এমএ পিটিশন দাখিল করা হয়েছে। শ্যামল মিত্রের কথায়, এদিন এই পিটিশন নিয়েই শুনানি হবে। তবে মূল মামলার কোনও শুনানি হচ্ছে না।
মলয় মুখোপাধ্যায়ের প্রশ্ন
মলয় মুখোপাধ্যায় জানান, গত ১৪ অক্টোবর মালহোত্রা মনিটরিং কমিটি সর্বোচ্চ আদালতে নিজেদের বক্তব্য পেশ করেছে। তা থেকেই তাঁরা জানতে পারেন, কর্মীদের সঙ্গে ১২ সেপ্টেম্বরের বৈঠক বাতিল হলেও ১০ অক্টোবর রাজ্যের সঙ্গে কমিটি বৈঠকে বসেছিল।
১৪ ডিসেম্বরের বৈঠক নিয়ে সংশয়
কর্মীদের সঙ্গে কমিটির পরবর্তী বৈঠক ধার্য হয়েছে ১৪ ডিসেম্বর। এটি কতটা যুক্তিনির্ভর, সেই প্রশ্ন তুলেছেন মলয়বাবু। তাঁর বক্তব্য, বৈঠকটি তো আগামী বছরেও নিয়ে যাওয়া যেত। ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
খবর ছড়াতেই ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। একজন লিখেছেন, রায় ঘোষণার পরেও কেন নতুন করে কমিটি গঠন করা হল এবং রায় না মানার জন্য সরকারকে আদালত অবমাননার দায়ে কেন দায়ী করা হচ্ছে না। গ্রান্ট ইন এইডদের বকেয়া কেন এখনও মেটানো হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
"টেবিল টেনিস" কটাক্ষ
আরও একজন কটাক্ষ করে লিখেছেন, সুপ্রিম কোর্ট ও মালহোত্রা কমিটি সরকারি কর্মীদের নিয়ে ‘টেবিল টেনিস’ খেলছে। এখন নজর থাকবে, এমএ পিটিশনের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়। বকেয়া ডিএ-র আশায় দিন গুনছেন লক্ষ লক্ষ কর্মী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.







