পুজোর মরশুমে টানা কয়েক দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক! অষ্টমী থেকে বিজয়া দশমী, সঙ্গে সাপ্তাহিক ছুটি কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা? জরুরি ব্যাঙ্কের কাজ সারতে যাওয়ার আগে জেনে নিন অক্টোবরের ছুটির সম্পূর্ণ তালিকা।
আজ পঞ্চমী। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে এসে গিয়েছেন মা দুর্গা। শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন, অন্যদিকে স্কুল, কলেজেও পড়তে শুরু করেছে ছুটি। শীঘ্রই ছুটির আমেজে ভাসবেন অফিসকর্মীরাও। তবে উৎসবের মরশুমে ব্যাঙ্কের কোনও জরুরি কাজ থাকলে আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, অক্টোবর মাসে দুর্গাপুজো ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা কয়েক দিন বন্ধ থাকবে চলেছে ব্যাঙ্ক।
পুজোয় কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুযায়ী, অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর একাধিক দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিশেষ করে অষ্টমী, নবমী ও বিজয়া দশমী উপলক্ষে পরপর তিন দিন ব্যাঙ্কের শাখায় পরিষেবা বন্ধ থাকার কথা। তার সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি।
ব্যাঙ্কের ছুটির তালিকা একনজরে:
১৮ অক্টোবর, রবিবার: সাপ্তাহিক ছুটি।
১৯ অক্টোবর, সোমবার: দুর্গাষ্টমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
২০ অক্টোবর, মঙ্গলবার: মহানবমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
২১ অক্টোবর, বুধবার: বিজয়া দশমী বা দশেরা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
২৪ অক্টোবর, শনিবার: মাসের চতুর্থ শনিবার, তাই ব্যাঙ্ক বন্ধ।
২৫ অক্টোবর, রবিবার: সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ, ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ২৪ ও ২৫ অক্টোবরও পরপর দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ব্যাঙ্কের কাজ থাকলে কী করবেন?
পুজোর কেনাকাটা, ঘোরাঘুরি ও উৎসবের ব্যস্ততার মধ্যে ব্যাঙ্কের জরুরি কাজ যাতে আটকে না যায়, তার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখা ভালো। চেক জমা দেওয়া, পাসবই আপডেট করা বা ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও কাজ করার প্রয়োজন থাকলে ছুটির আগেই তা সেরে নিন।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও সাধারণত এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ইউপিআই পরিষেবা চালু থাকে। ফলে টাকা তোলা বা অনলাইনে লেনদেনের মতো বেশির ভাগ কাজ করা সম্ভব হবে।
মনে রাখবেন, ব্যাঙ্কের ছুটি রাজ্য ও উপলক্ষ অনুযায়ী আলাদা হতে পারে। তাই শাখায় যাওয়ার আগে RBI-এর সরকারি ছুটির তালিকা অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি। পুজোর আনন্দে যাতে ব্যাঙ্কের কাজ নিয়ে সমস্যায় পড়তে না হয়, তার জন্য ছুটির দিনগুলি আগেই জেনে রাখুন।






