রাজ্যে ২০৭টি আসন জেতার পর, বিজেপি এখন ফলতা বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করেছে তাদের বিধায়ক সংখ্যা ২০৮-এ নিয়ে যাওয়ার জন্য। এই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ২১ মে-র নির্বাচনের জন্য রণকৌশল নিয়ে আলোচনা করা হয়।

গত ৪ মে ফলতা বাদে রাজ্যের ২৯৩ আসনে ভোটগণনা হয়। সেখানে ২০৭ আসনে বিপুল জয় পায় বিজেপি। এবার বিধায়কসংখ্যা ২০৮-র নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল বিজেপি। মঙ্গলবার প্রায় ২ ঘন্টা পার্টি অফিসে এই নিয়ে বৈঠক হয়। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত ফলতা বিধানসভা নিয়ে আলোচনা হয় এই দিন। আগামী ২১ মে ফলতায় হবে ২৮৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ। আর ২৪ মে হবে গণনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে, মঙ্গলবার আসন্ন ফলতা বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ছিলেন জ্যোতির্ময় মাহাতো, সৌমিত্র খাঁ এবং শশী অগ্নিহোত্রী। ছিলেন রাজ্য বিজেপি সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই, ইংরেজ হাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি।

এদিকে গতকাল দিনভর কর্মসূচি ছিল শুভেন্দুর। এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ ছিল। সেখানও উপস্থিত ছিলেন তিনি। শপথগ্রহণের পর বিকেলের আগেই কলকাতায় ফেরেন। তারপর চলে যান পশ্চিমবঙ্গের লোক ভবনে। সেখানে ছিল বিধানসভার প্রোটেম স্পিকার পদে তাপস রায়ের শপথ। সঙ্গে ছিল একাধিক সরকারি কাজ।

এদিকে সদ্য নতুন সরকার গঠন করেছে বিজেপি। এখনও সকল মন্ত্রীরা দফতর পাননি। শুধু পাঁচজন মন্ত্রী দফতর পেয়েছেন। বাকি সব মুখ্যমন্ত্রীর হাতে। ফলে অনেক কাজ সামলাতে হচ্ছে তাঁকেই। তবে, সারাদিনের সব কাজ সরে সন্ধ্যা নাগাদ বিধাননগরের বিজেপি দলীয় কার্যালয়ে দেখা যা তাঁকে। প্রায় ২ ঘন্টা সেখানে ছিলেন শুভেন্দু।

প্রসঙ্গত, ৯ মে নতুন সরকার গঠন হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুই হলেন রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তার আগের দিন বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেছিলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।’