Kalyan Banerjee on ECI: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে আমলাদের বদলি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'খামখেয়ালিপনা'র অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন 'খামখেয়ালিভাবে' কাজ করছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তাঁর মতে, আমলাদের বদলির সিদ্ধান্ত সংবিধানের মূল নীতি এবং সাধারণ মানুষের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করছে। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, দল এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।
আমলা বদলি নিয়ে মামলা
কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, "আমরা একটি জনস্বার্থ মামলা (PIL) করেছি। এখন অপেক্ষা করা যাক। নির্বাচন কমিশন খুব খামখেয়ালি আচরণ করছে। এটা ভোট দেওয়ার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানা হচ্ছে। ঘুরপথে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটা অন্যায়।" স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর অতিরিক্ত ভোটার তালিকা প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। কল্যাণ বলেন, "কিছু অবিচার তো হবেই। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।" নির্বাচনের সময় প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের মধ্যে সংঘাতের আবহে এই মন্তব্য উঠে এসেছে।
মমতার অভিযোগ
শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ইদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি SIR প্রক্রিয়াকে ব্যবহার করে বৈধ ভোটারদের 'অনুপ্রবেশকারী' তকমা দিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। ঈদের এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পরেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা ঘটে এবং নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে নিশানা করা হয়। মমতা আরও বলেন, তাঁর দল ভোটারদের অধিকার খর্ব করার যেকোনো চেষ্টার বিরোধিতা করবে। ভোটের সময় রাজ্যে প্রশাসনিক কাজে বিজেপি প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
বঙ্গে ভোট
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দুটি দফায় অনুষ্ঠিত হতে চলেছে—২৩ এবং ২৯ এপ্রিল। ভোটের গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪। ২০২১ সালের নির্বাচন আটটি দফায় হয়েছিল। সেবারের মতোই এবারও মমতা ব্যানার্জি ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই আসনে তাঁর বিরুদ্ধে ফের লড়বেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


