পুজোর আগে রাজ্যে বাসভাড়া বাড়ছে না। পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ বেসরকারি বাস মালিকদের আশ্বাস দিয়েছেন যে, পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। সোমবারের বৈঠকে ভাড়া ছাড়াও টোল, পুলিশি হয়রানি সংক্রান্ত একাধিক দাবি নিয়ে আলোচনা হয়।
পুজোর আগে বাসভাড়া বৃদ্ধির দাবি উঠলেও তা কার্যকর হচ্ছে না। পুজোর পর বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়াবৃদ্ধির বিষয় উদ্যোগী হবে পরিবহণ দফতর, এমনই আশ্বাস দিয়েছেন মন্ত্রী অর্জুন সিংহ। সোমবার পরিবহণমন্ত্রী সঙ্গে বৈঠকের পর এই দাবি বেসকারি বাস মালিকদের। তাদের দীর্ঘ দিনের আর্থিক সমস্যা, টোল, পুলিশি হয়রানি, গাড়ি রিকুইজিশন এবং পুরনো বাণিজ্যিক গাড়ি সংক্রান্ত একাধিক দাবিও বৈঠকে আলোচিত হয়েছে।
২০১৮ সালে শেষবার রাজ্যে বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল। সেই সময় পরিবহণমন্ত্রী ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর জ্বালানি-সহ বিভিন্ন খরচ বাড়লেও দীর্ঘ দিন ভাড়া অপরিবর্তিত রয়েছে। যাত্রী পরিষেবা সচল রাখতে ভাড়া পুনর্বিবেচনার প্রয়োজন আছে বলে বৈঠকে দাবি জানানো হয়।
সোমবার পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবিসনদ লিখিত আকারে দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বাসভাড়া বৃদ্ধি সংক্রান্ত আমরা একাধিক দাবি মন্ত্রীর কাছে জানিয়েছি। তিনি যে ভাবে আমাদের দাবিগুলো শুনেছেন তাতে আমরা আশ্বস্ত। পুজোর পর ভাড়া বৃদ্ধি নিয়ে তিনি পদক্ষেপ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। মন্ত্রীর ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।
এদিন বৈঠকে বাসমালিক সংগঠনের বক্তব্য ছিল, ডিজেলের মূল্য, যন্ত্রাংশ, বিমা, রক্ষণাবেক্ষণ এবং পরিচালন ব্যয় বেড়েছে। টোল প্রাঙ্গণে বর্ধিত হারে টাকা নেওয়া বন্ধ করার দাবিও জানানো হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে টোল গেটগুলোতে বাস মালিকদের সমস্যার বিষয়টিও আলোচনায় আসে। বাস মালিকদের আরও দাবি, ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগও ওঠে বৈঠকে।
যাই হোক, বৈঠকের পর জানা গিয়েছে আপাতত বাড়ছে না ভাড়া। পুজোর পর বাড়বে বাসভাড়া বলে জানা গিয়েছে।
