WB Election Result 2026: রাজ্য বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়েছে সোমবার। ২০৭ টি আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কার্যত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। তাই নিজেদের দায়িত্ব অনেকটাই বাড়ল বলে মনে করছেন শমীক। 

WB Election Result 2026: নির্বাচনের ফলাফল সামনে আসতেই একাধিক জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে আসছে (West Bengal Election Result 2026)। তবে ভোটের ফলাফল পরবর্তী হিংসা নিয়ে এবার কড়া বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (post poll violence)। 

রুখতে হবে হিংসা! বার্তা শমীকের

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এমনটাই সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আপাতত রাজ্য প্রশাসনের দায়িত্ব সামলাচ্ছেন মুখ্যসচিব। 

তাঁকেও এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন শমীক। জানা যাচ্ছে, ভোট-পরবর্তী হিংসা নিয়ে মঙ্গলবার, বিজেপির শীর্ষ নেতৃত্ব বিধাননগরের দফতরে একটি বৈঠকও করেছেন। হিংসা রুখতেে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের তরফ থেকে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

২০৭ টি আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি

প্রসঙ্গত, রাজ্য বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়েছে সোমবার। ২০৭ টি আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কার্যত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। তাই নিজেদের দায়িত্ব অনেকটাই বাড়ল বলে মনে করছেন শমীক। তিনি জানিয়েছেন, “বিজেপির পতাকা নিয়ে অনেক জায়গায় ভাঙচুর করা হচ্ছে বলে শুনতে পাচ্ছি। এই সব ঘটনার বিরোধিতা করছি। কেউ এমন কোনও কাণ্ড ঘটালে, আমরা তাঁকে দল থেকে বের করে দিতে বাধ্য হব।"

অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার কাছেও হিংসা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানান শমীক। তিনি বলেন, ‘‘প্রশাসনকেও একটা কথা বলতে চাই। কোথাও এমন কোনও হিংসার ঘটনা ঘটে থাকলে অবিশ্যই ব্যবস্থা নিন। কারণ, এই জন্যই বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। দলের কর্মীদের বলতে চাই যে, শান্তিতে থাকুন এবং খুশি থাকুন। দল যে দায়িত্ব দিয়েছে, পালন করুন। কিন্তু জয়ের আনন্দে কাউকে আঘাত করবেন না। কারও ভাবাবেগে কখনও আঘাত দেবেন না।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।