WB Phase 1 Polls 2026: রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ।উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার আসনগুলিতে ভোট হবে প্রথম দফায়।
WB Phase 1 Polls 2026: রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। পাহাড় সহ উত্তরবঙ্গের সব কটি জেলা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সব কটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটে লড়ছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। প্রথম দফায় সবচেয়ে বেশি আসন রয়েছে মুর্শিদাবাদ জেলায় (২২টি)। সবচেয়ে কম আসন রয়েছে কালিম্পিং জেলায় (১টি)। সবার নজরে উত্তরবঙ্গের ৫৪টি আসন। বাংলায় প্রথমবার সরকার গড়তে হলে বিজেপি এই ৫৪টি আসনের মধ্য়ে অন্তত ৩৫-৪০টি-তে জিততেই হবে। আবার মমতা বন্দ্য়োপাধ্যায়কে ক্ষমতায় ফিরতে হলে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মত জেলাগুলিতে গতবারের সাফল্য ধরে রেখে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভাল ফল করতে হবে।
প্রথম দফায় ভাগ্যপরীক্ষা শুভেন্দু অধিকারী, মানস ভুঁইয়া, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, উদয়ন গুহ, অধীর রঞ্জন চৌধুরীদের
প্রচারে ঝড় তুলে মুর্শিদাবাদের বেশ কয়েকটি আসনে, মালদা ও উত্তর দিনাজপুরের ভাল জায়গায় রয়েছে কংগ্রেস। কংগ্রেসের উত্থানে ক্ষতি হতে পারে তৃণমূলের। অন্যদিকে, দশ বছর পর পশ্চিমবঙ্গে নির্বাচনে খাতা খুলতে হলে সিপিএমকে প্রথম দফায় ভাল ফল করতে হবে। মুর্শিদাবাদের ভগবানগোলা, রানিনগর, জলঙ্গির মত কতগুলি আসনে জেতার মত জায়গায় তারা রয়েছেন বলে মনে করছে বাম নেতৃত্ব। প্রথম দফায় আসন জিততে না পারলে এবারও বঙ্গ বিধানসভা নির্বাচনে খাতা খোলা কঠিন হবে বামদের সে কথা বলছেন বিশেষজ্ঞরা।
এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন জেলায় কোন দলের আশা কতটা-
১) দার্জিলিং ও কালিম্পং (৬টি আসন)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে বিজেপি। নজরকাড়া আসন- শিলিগুড়ি
তৃণমূল- এবার আসন জেতার আশা তেমন নেই। তবে কয়েকটি আসনে ভোট বাড়ানোর ব্যাপারে আশাবাদী। অনীত থাপার জয়ের আশাও করছে।
বিজেপি- এবারও ১০০ শতাংশ জয়ের ব্য়াপারে নিশ্চিত।
কংগ্রেস- বড় আশা নেই। তবে দার্জিলিং আসনে দ্বিতীয় হওয়ার আশায়।
সিপিএম- শিলিগুড়ি আসনে নিজেদের কিছু ভোট ফেরানোর আশা রয়েছে।
২) আলিপুরদুয়ার (৫টি আসন)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে বিজেপি। নজরকাড়া আসন- মাদারিহাট
তৃণমূল- অন্তত একটি আসনে জেতা আশা করছে। মাদারিহাট আর ফালাকাটা নিয়ে আশা অনেক।
বিজেপি- পাঁচে পাঁচ নিয়ে নিশ্চিত।
কংগ্রেস- তেমন কোনও আশা নেই।
সিপিএম- নিজেদের কিছু ভোট ফেরানোর আশায়।
৩) জলপাইগুড়ি (৭টি)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে বিজেপি। নজরকাড়া আসন- রাজগঞ্জ।
তৃণমূল- বিজেপিকে সমানে সমানে টক্কর দিতে আশাবাদী।
বিজেপি- অন্তত ৬টি আসনে জেতার লক্ষ্যে।
কংগ্রেস- একটি আসনে ভাল লড়াই দেওয়ার ব্য়াপারে আশাবাদী।
সিপিএম- বড় আশা নেই।
৪) কোচবিহার (৯টি)
বর্তমান ট্রেন্ড: সমানে সমানে টক্কর। নজরকাড়া আসন- দিনহাটা।
তৃণমূল- চমকের অপেক্ষায় তৃণমূল। ৫টি আসনে জেতার ব্যাপারে আশাবাদী।
বিজেপি- অন্তত ৭টি আসনে জেতার আশা।
কংগ্রেস- কিছু আসনে তৃতীয় হতে আত্মবিশ্বাসী।
সিপিএম- আশা কম।
৫) উত্তর দিনাজপুর (৯টি)
বর্তমান ট্রেন্ড: দুই ফুলই আশাবাদী। নজরকাড়া আসন- রায়গঞ্জ।
তৃণমূল- ভাল ফলের প্রত্যাশা। ৬-৭টি আসনে জেতার ব্য়াপারে আত্মবিশ্বাসী
বিজেপি- তৃণমূলের থেকে একটি হলেও বেশি আসনে জেতার ব্যাপারে আশাবাদী
কংগ্রেস- একটি আসনে জেতার ব্যাপারে নিশ্চিত। একটিতে ভাল লড়াইয়ের আশায়।
সিপিএম- দু একটি আসনে দ্বিতীয় হওয়ার আশা।
৬) দক্ষিণ দিনাজপুর (৬টি)
বর্তমান ট্রেন্ড: লড়াই সমানে সমানে। নজরকাড়া আসন- বালুরঘাট।
তৃণমূল- ৪টি আসনে জেতার ব্যাপারে আশাবাদী।
বিজেপি- ৪টি আসনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।
কংগ্রেস- বড় আশা নেই।
সিপিএম- আসনের আশা নেই।
৭) মালদহ (১২টি)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে বিজেপি। নজরকাড়া আসন- মালতিপুর।
তৃণমূল- গতবারের মত ৮টি আসনে জিতলেই দারুণ খুশি হবে। ৬টি আসনে জেতার ব্যাপারে নিশ্চিত।
বিজেপি- অপ্রত্যাশিতভাবেই এই জেলায় ভাল ফলের আশায় বিজেপি। ৭টি আসনে জেতার প্রত্যাশা।
কংগ্রেস- বড় আশা রয়েছে। মৌসম বেনজির নুর জিতছেন, সঙ্গে আরও ৩টি আসন আসতে পারে বলে আশা।
সিপিএম- দুটো আসনে ভাল ফলের আশা।
৮) মুর্শিদাবাদ (২২টি)
বর্তমান ট্রেন্ড: দুই কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই, কমছে তৃণমূল। নজরকাড়া আসন- বহরমপুর, সাগরদিঘি।
তৃণমূল- গতবারের মত ২০টি আসনে জিতলেই খুশি। আশঙ্কা এই জেলায় ১৫টি-তে নেমে যেতে পারে দল।
বিজেপি- সংখ্য়ালঘু ভোট ভাগাভাগি আর হিন্দু ভোট একচেটিয়া পেয়ে এবার এখানে ৫-৬টি আসনে জেতার আশা রয়েছে।
কংগ্রেস- অপ্রত্য়াশিতভাবে ভাল ফলের আশায় হাত শিবির। অধীর তো বহরমপুরে জিতছেনই, সঙ্গে আরও ৫টি আসন পকেটে আসতে পারে।
সিপিএম- রানিনগর, ডোমকল, জলঙ্গি, ভগবানগোলা। এগুলির মধ্য়ে ২টিতে জয় এলেই দারুণ খুশি হবে লাল শিবির।
৯) পূর্ব মেদিনীপুর (১৬টি)
বর্তমান ট্রেন্ড: অধিকারী গড়ে একচেটিয়া পদ্ম ফুটছে! ধসছে তৃণমূল। নজরকাড়া আসন- নন্দীগ্রাম।
তৃণমূল- তেমন আশা নেই। ৪টি আসন পেলেও হতাশ হবে না তৃণমূল।
বিজেপি- বড় আশা রয়েছে। ১৩-১৫টি আসনে জেতার আশা। সব কটি আসনে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার টার্গেট।
কংগ্রেস- মেরুকরণের রাজনীতিতে একেবারে কোণঠাসা।
সিপিএম- দু-তিনটি আসনে তৃণমূলকে চিন্তায় ফেলে ভোট বাড়াতে পারে বাম-আইএসএফ জোট।
১০) পশ্চিম মেদিনীপুর (১৫টি)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে তৃণমূল, এগিয়ে দিলীপ ঘোষ। নজরকাড়া আসন- খড়গপুর সদর।
তৃণমূল- গতবার ১৩টি-তে জয় এসেছিল। এবার ১০০ শতাংশ আসনে জেতার জন্য ঝাঁপিয়েছে। দিলীপ ঘোষকে হারাতে মরিয়া। তবে তীব্র অন্তর্দ্বন্দ্ব চিন্তায় রাখছে দলকে।
বিজেপি-দিলীপ ঘোষ তো জিতছেনই, ঘাটালেও জয় আসছে। সঙ্গে তৃণমূলের থেকে ৬টি আসন ছিনিয়ে নেওয়ার টার্গেট নিয়েছে পদ্ম শিবির।
কংগ্রেস- লড়াইয়ে নেই।
সিপিএম- দু তিনটি আসনে ভোট বাড়তে পারে।
১১) ঝাড়গ্রাম (৪টি)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে তৃণমূল। নজরকাড়া আসন-বীনপুর
তৃণমূল- জঙ্গলমহলের এই জেলায় গতবারের মতই ১০০ শতাংশ আসনে জিততে আশাবাদী।
বিজেপি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার ঘটনার পর এই জেলায় ভাল ফল নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
কংগ্রেস- কোনও আশা নেই।
সিপিএম- দুটি আসনে বামেদের ভোট বামে ফিরবে বলে আশায় লাল শিবির।
১২) পুরুলিয়া (১০টি)
বর্তমান ট্রেন্ড:অনেকটা এগিয়ে বিজেপি। নজরকাড়া আসন- বাঘমুন্ডি।
তৃণমূল- বড় আশা করছে না রাজ্যের শাসক দল। পাখির চোখ ৫ আসনে
বিজেপি- কুর্মি ভোট পেয়ে জেলায় ৭-৮টি আসনে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি।
কংগ্রেস-বাঘমুন্ডি থেকে নেপাল মাহাতো অঘটন ঘটাবেন বলে আশায় হাত শিবির।
সিপিএম- আদিবাসী প্রান্তিক মানুষের ভোট এবার ফিরবে বলে আশায় বামফ্রন্ট।
১৩) বাঁকুড়া (১২টি)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে বিজেপি। নজরকাড়া আসন- শালতোড়া।
তৃণমূল- দু বছর আগে লোকসভার মত ভাল ফলের আশায় তৃণমূল। ৬টি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
বিজেপি- এই জেলা থেকে এবার ৮টি আসনে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি।
কংগ্রেস- তেমন আশা নেই।
সিপিএম- দুটি আসনে অন্তত দ্বিতীয় হওয়ার লড়াইয়ে আছে বলে দাবি লাল শিবিরের।
১৪) পশ্চিম বর্ধমান (৯টি)
বর্তমান ট্রেন্ড: এগিয়ে বিজেপি। নজরকাড়া আসন- আসানসোল দক্ষিণ।
তৃণমূল- ৫টি আসনে জয়ের আশায় রাজ্যের শাসক দল।
বিজেপি- ৬টি আসনে জয়ের আশায় বিজেপি।
কংগ্রেস- কোনও আশা নেই।
সিপিএম- বামেদের ভোট বামে ফিরবে বলে আশা, বিশেষ করে আসানসোলে।
১৫) বীরভূম (১২টি)
বর্তমান ট্রেন্ড: হাড্ডাহাড্ডি লড়াই, চমকে দিতে পারে বিজেপি। নজরকাড়া আসন- রামপুরহাট।
তৃণমূল- গতবার ১২-তে ১১ এসেছিল। এবার কাজল শেখের ক্যারিশ্মায় ১০০ শতাংশ আসনে জয়ের লক্ষ্য়। তবে দলের নেতারা মনে করেছেন ৯টি আসনে জিতলেও এবার অনেক করা হয়েছে বলতে হবে।
বিজেপি- প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে বীরভূমে এবার রামপুরহাট, সিউড়ি, লাভপুর সহ ৬-৮টি আসনে জিতে সবাইকে চমকে দেওয়ার আশায় গেরুয়া শিবির।
কংগ্রেস- কোনও আশা নেই।
সিপিএম- ২-৩টি আসনে ভোট বাড়ার আশা।


