মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সূত্রের খবর, এবার প্রাথমিকভাবে তিন দফাতেই পশ্চিমবঙ্গে ভোট করানোর ভাবনা রয়েছে কমিশনের। উত্তরবঙ্গে একদফায় এবং দক্ষিণবঙ্গে দু’টি দফায় হবে ভোটগ্রহণ।
মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সূত্রের খবর, এবার প্রাথমিকভাবে তিন দফাতেই পশ্চিমবঙ্গে ভোট করানোর ভাবনা রয়েছে কমিশনের। উত্তরবঙ্গে একদফায় এবং দক্ষিণবঙ্গে দু’টি দফায় হবে ভোটগ্রহণ। বাংলার ভোটে হিংসার অতীত পর্যালোচনা করে রাজ্যের মোট সাতটি জেলাকে অতি স্পর্শকাতর বলেই মনে করা হচ্ছে। সেগুলি হল-কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম। জানা যাচ্ছে, এবার বিধানসভা নির্বাচনের জন্য বিরাট সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের করা হতে পারে। অতীতের চারটি নির্বাচনের তুলনায় দ্বিগুণ হতে পারে বাহিনীর সংখ্যা। যার মধ্যে রয়েছে ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন।
কত বাহিনী?
এখানে একটা বিষয় বিবেচনায় রয়েছে নির্বাচন কমিশনের। ভোটের জন্য কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মিলবে, সেটির ভিত্তিতেই স্থির হবে ভোটের দফা। রাজ্যের তরফে স্পর্শকাতর এলাকা ও মোট বুথের সংখ্যা হাতে পাওয়ার পর জেলাশাসকদের পাঠানো আইনশৃঙ্খলা সংক্রান্ত ওই রিপোর্টের বিচার করবে কমিশন। তারপরই স্পর্শকাতর বুথের সংখ্যা চূড়ান্ত করা হবে। আর সেই অনুযায়ী বাহিনী ও ভোটের দফা নির্ধারণ করা হবে। ২০২১ সালের বিধানসভা ভোটে এ রাজ্যে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা দ্বিগুণ হতে পারে।
এই বছরের বিধানসভা নির্বাচনে CAPF-এর মোট ২০০০ কোম্পানি মোতায়েনের প্রয়োজন হতে পারে। আগের চারটি নির্বাচনে ভোটগ্রহণের ধাপের সংখ্যা ছিল সাত থেকে আটটি। তবে, যদি CEO-এর অফিস থেকে কম দফায় ভোট করানোর জন্য সুপারিশ গিয়েছে নির্বাচন কমিশনের অফিসে। তাহলে স্বাভাবিকভাবেই বেশি বাহিনীর প্রয়োজন হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী দ্বিগুণ হয়ে ২,০০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে। বিশেষ করে ভোটের দিন।
ভোটের নির্ঘণ্ট কবে?
পশ্চিমবঙ্গে বর্তমান (সপ্তদশ) বিধানসভার মেয়াদ শুরু হচ্ছে গত ৭ মে। তার মধ্যেই নতুন বিধানসভা গঠিত হবে। বাংলার সঙ্গে আরও ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। জানা যাচ্ছে, নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে ১ মার্চ রাজ্যে আসবে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরের দিন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সূত্র জানাচ্ছে, কলকাতায় পৌঁছনোর পর নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সদস্যরা রাজ্যের SIR-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার জন্য CEO এবং তাঁর অধস্তন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। যেমন অতিরিক্ত CEO, যুগ্ম CEO, উপ-CEO এবং জেলা নির্বাচনী আধিকারিক (DEO)।
