Vote Counting: আগামীকাল, ৪ মে ভোটগণনা। তার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানালেন, শান্তিপূর্ণ ও স্বচ্ছ গণনার জন্য সব ব্যবস্থা তৈরি। কোথাও কোনও অশান্তির আশঙ্কা নেই বলেও তিনি আশ্বাস দিয়েছেন। 

৪ মে ভোটের ফল ঘোষণা। তার আগে রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানালেন, শান্তিপূর্ণ ও স্বচ্ছ গণনার জন্য সবরকম প্রস্তুতি সারা। তাঁর কথায়, গোটা প্রক্রিয়াটি 'অবাধ ও সুষ্ঠুভাবে' সম্পন্ন হবে এবং কোনও অশান্তির আশঙ্কা নেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরওয়াল বলেন, 'ভোট গণনা অবাধ ও সুষ্ঠুভাবে হবে। আমরা পুরোপুরি প্রস্তুত। কোথাও কোনও অশান্তি হবে না। আগামীকালের গণনা শান্তিপূর্ণভাবেই মিটবে।'

নির্বাচন কমিশনের বার্তা

এদিকে নির্বাচন কমিশনও জানিয়েছে, রাজ্যের সমস্ত কেন্দ্রের পাশাপাশি কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও গণনার প্রস্তুতি শেষ। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টে কমিশন লেখে, 'গণনার দিনের জন্য সবকিছু প্রস্তুত। কোচবিহার জেলার ১-মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।'

স্ট্রংরুমে কড়া পাহারায় EVM

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাড়াও ৪ মে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলও ঘোষণা করা হবে। গণনার আগের দিন পশ্চিমবঙ্গ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে কলকাতার স্ট্রংরুমগুলোর বাইরে। ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ফলতার মতো স্পর্শকাতর এলাকা, যেখানে এর আগে হুমকি ও অশান্তির অভিযোগ উঠেছিল, সেখানেও অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে রয়েছে গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তা বলয়, প্রবেশপথে রাজ্য সশস্ত্র পুলিশ এবং গণনা হল ও স্ট্রংরুমের পাহারায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। এই প্রথমবার ECINET-এর মাধ্যমে আধিকারিক, প্রার্থী, এজেন্ট এবং কর্মীদের জন্য কিউআর কোড-ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। এরপর সকাল ৮:৩০টা থেকে শুরু হবে ইভিএম গণনা। ECINET এবং কমিশনের সরকারি পোর্টালে রিয়েল-টাইমে ফলাফল আপডেট করা হবে।