WB DA: আয়কর ও ওভারড্রলের কাটছাঁটে কমতে পারে বকেয়া DA-র টাকা, কর্মচারীদের মাথায় হাত
রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বকেয়া ডিএ-র পুরো টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে আয়কর এবং অতিরিক্ত টাকা বা ‘ওভারড্রল’-এর হিসাব প্রভাব ফেলতে পারে।

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বকেয়া ডিএ-র পুরো টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে আয়কর এবং অতিরিক্ত টাকা বা ‘ওভারড্রল’-এর হিসাব প্রভাব ফেলতে পারে। অর্থ দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ, বি ও সি শ্রেণির কর্মী-আধিকারিকদের বকেয়া ডিএর টাকা জিপিএফে জমা করা হবে। টাকা তোলার সময় আয়কর বাবদ নির্দিষ্ট অর্থ কেটে নেওয়া হবে। পাশাপাশি, কোনও কর্মীকে ভুলবশত প্রাপ্যের তুলনায় বেশি টাকা দেওয়া হয়ে থাকলে, সেই অতিরিক্ত অর্থও হিসাব অনুযায়ী বাদ দেওয়া হবে।

বকেয়া ডিএ দুই দফায় জিপিএফে জমা করা হচ্ছে। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া অংশ গত এপ্রিলেই দেওয়া হয়েছে। এবার ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ দেওয়া হবে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ সরাসরি স্যালারি অ্যাকাউন্টে জমা হবে।
তবে কর্মরত গ্রুপ এ, বি ও সি কর্মীরা জিপিএফে জমা হওয়া এই বকেয়া অর্থ ২০২৮ সালের এপ্রিলের আগে তুলতে পারবেন না। অবসর, চাকরি থেকে ইস্তফা বা মৃত্যুর ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট নিয়মে আগেই টাকা পাওয়ার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বকেয়া ডিএ দেওয়ার আগে আয়কর বাবদ কত টাকা কাটা হবে, তা সংশ্লিষ্ট ডিডিও হিসাব করবেন। যদিও ঠিক কোন পদ্ধতিতে এই হিসাব করা হবে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি। কর্মীমহলের একাংশের অনুমান, সংশ্লিষ্ট অর্থবর্ষে বর্ধিত ডিএ বেতনের সঙ্গে যুক্ত হলে কর্মীর আয়কর যতটা বাড়ত, সেই হিসাবের ভিত্তিতেই টাকা কাটা হতে পারে।
এদিকে, সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলার অন্যতম প্রধান পক্ষ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আয়কর কাটার বিষয়ে তাঁদের আপত্তি নেই। তবে ‘ওভারড্রল’-এর যুক্তিতে টাকা কেটে নেওয়ার বিষয়ে আপত্তি রয়েছে তাঁদের।
সংগঠনের দাবি, সর্বভারতীয় মূল্যসূচক বা এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএর হিসাব করা হয়নি। ফলে কর্মীরা তাঁদের প্রাপ্যের তুলনায় কম টাকা পাচ্ছেন বলে তাদের অভিযোগ। বিষয়টি সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটির কাছে জানানো হবে বলেও জানিয়েছেন তাঁরা। মালহোত্রা কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর অক্টোবরের শেষ সপ্তাহে ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা। তবে সব পক্ষকে নিয়ে কমিটির পরবর্তী বৈঠক কবে হবে, তা এখনও জানানো হয়নি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.