NCPI: এনসিপিআই শিবিরে অস্বস্তি! সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী-সহ তিন সাংসদ। কী ঘটছে বিদ্রোহী সাংসদদের দলে, বিস্তারিত জানুন।
ঘরে বাইরে সমস্যায় জেরবার বিক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেসের ২০ সাংসদের নতুন দল এনসিপিআই(NCPI)। একদিনে তারা কোন দলে তা জানতে চেয়ে স্পিকার ওম বিড়লার দেওয়া সময়সীমার আজই শেষ দিন। যদিও সময়সীমাবৃদ্ধির দাবি নিয়ে ইতিমধ্যেই স্পিকারের কাছে আর্জি জানান হয়েছে। অন্যদিকে দলের অন্দরেও কোন্দল শুরু হয়েছে। ইতিমধ্যেই একের পর এক সাংসদ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বলে সূত্রের খবর।
গ্রুপ নিয়ে জল্পনা কারণ
ব্রাজিল ম্যাচের টিকিট নিয়েই দলের অন্দরে তৈরি হয়েছিল জটিলতা। সরকার পক্ষ থেকে ব্রাজিল ম্যাচের ২০টি টিকিট এক সাংসদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে সেই টিকিটগুলি সাংসদের সাউদার্ন অ্যাভেনিউ-এর বাড়িতে রাখা ছিল। পরবর্তীকালে তিনি সেগুলি বারাসতের বাড়িতে রাখেন। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান যাদের টিকিট প্রয়োজন হলে সাংসদের বাড়ি থেকে নিয়ে নিতে হবে। তারপরেই নাকি গ্রুপের মধ্যেই বেশ কয়েকজন সাংসদ ক্ষোভ উগরে দেন। অনেকেই আবার হোয়াটস্অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যায়। সেই তালিকায় এক অভিনেত্রী সাংসদও-সহ তিন সাংসদ রয়েছেন বলে সূত্রের খবর।
পাল্টা সাওয়াল শতাব্দী রায়ের
যদিও এই ঘটনার ওপর মলম দিতে আসরে নেমেছেন অভিনেত্রী শতাব্দী রায়। তিনি বলেন, 'ছোট ঘটনাকে বড় করা হচ্ছে।' তিনি আরও বলেন, ভুলের কারণে ডিলিট হয়ে গিয়েছিল। আবারও নতুন গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে সকলেই আছে। রচনা বলেছেন, 'নানা এরকম কিছু হয়নি। গ্রুপের নাম কখনও বদল করা হচ্ছে, আমাদের সুবিধের জন্য।' রচনা জানিয়েছেন বৃহস্পতিবার তাদের যে বৈঠক হয়েছিল সেখানে সকলে হাজির হলেও কাকলি তাঁর ছেলের অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। তিনি জানিয়েছেন, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসুনিয়া, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, রচনা বন্দ্যোপাধ্যায় ও অরূপ চক্রবর্তী- সকলেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন।


