- Home
- West Bengal
- Weather: ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল, তবু আন্দামান সাগরে নিম্নচাপের জেরে বাংলায় আরও ২ দিন বৃষ্টি
Weather: ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল, তবু আন্দামান সাগরে নিম্নচাপের জেরে বাংলায় আরও ২ দিন বৃষ্টি
Weather Update: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় 'অর্ণব', তবে আন্দামানে নতুন নিম্নচাপ। দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গ ও সিকিমে কেমন আবহাওয়া, জানুন এক নজরে।

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় 'অর্ণব'
শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। কিন্তু তারপরেও রয়েছে প্রভাব। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর।

আন্দামান সাগরে নতুন নিম্নচাপ
'অর্ণব' দুর্বল হলেও স্বস্তি নেই। দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি নিম্নচাপ। শনিবারের মধ্যে এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হবে বলে খবর। সেটির প্রভাবও পড়তে পারে বঙ্গে।
বুধবার গভীর রাত থেকে বৃষ্টি
ঘূর্ণিঝড় অর্ণব আর আন্দামান সাগরে নিম্নচাপ- এই দুটির জোড়া প্রভাবে বুধবার গভীর রাত থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালেও শহরের আকাশ মেঘলা, সূর্যের দেখা মেলেনি, অঝোরে ঝরছে বৃষ্টি।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে।
কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা
দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বর্ধমানে জারি হয়েছে হলুদ সতর্কতা।
শুক্রবার থেকে উন্নতি দক্ষিণবঙ্গে
স্বস্তির খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া-সহ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারও নানা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বৃষ্টি, কোথাও কোথাও ভারী
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার পাহাড় লাগোয়া কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
দার্জিলিং-জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকলে সতর্ক থাকা জরুরি।
সিকিমে প্রবল তুষারপাত
পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে সবচেয়ে উদ্বেগের বিষয় সিকিমের নাথুলা ও নাথাং ভ্যালিতে প্রবল তুষারপাত। এই পরিস্থিতিতে ওই এলাকায় যাতায়াতে বাড়তি সতর্কতা প্রয়োজন।
সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য কড়া নিষেধাজ্ঞা
সমুদ্র উত্তাল থাকায় ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। সব মিলিয়ে 'অর্ণব' দুর্বল হলেও নতুন নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় দুর্যোগ এখনই পুরোপুরি কাটছে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

