West Bengal Police: রাজ্যে সরকার বদলের পর পুলিশের ভূমিকাতেও বদল দেখা যাচ্ছে। কিন্তু আলিপুরদুয়ার জেলার এথেলবাড়িতে এক বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বীরপাড়া থানার পুলিশকর্মীরা দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না।
KNOW
Alipurduar News: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার অন্তর্গত এথেলবাড়ি অঞ্চলে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে, আর সেই সঙ্গে কাঠগড়ায় উঠে আসছে বীরপাড়া থানার ভূমিকা নিয়েও ক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাদারিহাট ব্লকের শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের এথেলবাড়ি বাজার অঞ্চলের বাসিন্দা দিগবিজয় গুপ্তার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা মেঘালয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র শিলংয়ে যাওয়ায় গত দু’দিন বাড়ি ফাঁকা ছিল। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে তাঁরা দেখেন, বাইরে মেন গেটের তালা অক্ষত থাকলেও ভিতরের একাধিক ঘরের তালা ভাঙা। বাড়ির প্রতিটি আলমারি তছনছ করা হয়েছে। পরিবারের দাবি, প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না উধাও।

পরপর চুরির ঘনায় আতঙ্ক
এই ঘটনার পর এথেলবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বীরপাড়া থানা অঞ্চলে গত কয়েক মাসে চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, অথচ পুলিশের টহল বা নজরদারিতে কার্যত কোনও কড়াকড়ি নেই। মাসখানেক আগেই প্রমিলা ছেত্রীর বাড়িতে একইভাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হানা দিয়ে সোনার গয়না ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তারও আগে বীরপাড়ায় একটি জামাকাপড় ও অন্যান্য পণ্যের শোরুম থেকে টাকার বাক্স চুরি হয়। পরপর এমন ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ, ‘পুলিশের ভূমিকা কি শুধু অভিযোগ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ?’ স্থানীয়দের একাংশের দাবি, এই অঞ্চলে রাতের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং অপরাধীরা যেন বেপরোয়া হয়ে উঠেছে। তাঁদের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত বড় কোনও সাফল্য দেখাতে পারেনি পুলিশ-প্রশাসন। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
তদন্ত শুরু পুলিশের
ইতিমধ্যেই সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে বীরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, 'প্রতিবারই তদন্তের আশ্বাস মেলে, কিন্তু চুরি থামছে না।' এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে বীরপাড়া থানার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের সক্রিয়তা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


