
Karnataka vs Jammu and Kashmir: প্রথমবার রঞ্জি ট্রফি (Ranji Trophy Elite 2025-26) ফাইনালে পৌঁছেই চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর। কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীরের স্কোর ছয় উইকেটে ৫২৭। দিনের শেষে ৫৭ রান করে অপরাজিত সাহিল লোতরা (Sahil Lotra)। তাঁর সঙ্গ ক্রিজের অপর প্রান্তে আছেন আবিদ মুস্তাক (Abid Mushtaq)। তিনি ২০ রান করে অপরাজিত। ইনিংস ডিক্লেয়ার করার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যত বেশি সম্ভব রান করে প্রথম ইনিংসে এগিয়ে থাকতে চাইছে জম্মু ও কাশ্মীর। এই ম্যাচের নিষ্পত্তি না হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হতে চাইছে তারা। সেই লক্ষ্যেই প্রথম ইনিংসে ব্যাটিং চলছে।
জম্মু ও কাশ্মীরের হয়ে শতরান করেছেন শুভম পুন্দির (Shubham Pundir)। তিনি ১২১ রান করেছেন। ওপেনার ইয়াবের হাসান (Yawer Hassan) ৮৮ রান করেছেন। অধিনায়ক পরশ ডোগরা (Paras Dogra) ৭০ রান করেন। উইকেটকিপার-ব্যাটার কানহাইয়া ওয়াধাওয়ানও (Kanhaiya Wadhawan) ৭০ রান করেছেন। আবদুল সামাদ (Abdul Samad) ৬১ রান করেন। একমাত্র ব্যর্থ হয়েছেন ওপেনার কামরান ইকবাল (Qamran Iqbal)। তিনি ছয় রান করেই আউট হয়ে যান। তৃতীয় দিন প্রথম ইনিংসে অলআউট না হওয়া পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারে জম্মু ও কাশ্মীর।
এই ম্যাচের শুরুটা ভালো করেছিল কর্ণাটক। ১৮ রানে প্রথম উইকেট হারায় জম্মু ও কাশ্মীর। এরপরেই তারা ম্যাচের রাশ নিজেদের হাতে নেয়। কৃষ্ণ এখনও পর্যন্ত ৯০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। জম্মু ও কাশ্মীরের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কর্ণাটকের বোলাররা সুবিধা করতে পারছেন না। প্রথম ইনিংসে এগিয়ে থাকতে হলে কর্ণাটকের ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। যদিও সেই কাজ অত্যন্ত কঠিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।