- Home
- Business News
- 50 Paise Coin: বাড়িতে ৫০ পয়সার একগাদা কয়েন পড়ে আছে? এখনও কাজে লাগবে, জানুন নিয়ম
50 Paise Coin: বাড়িতে ৫০ পয়সার একগাদা কয়েন পড়ে আছে? এখনও কাজে লাগবে, জানুন নিয়ম
বাড়িতে থাকা ৫০ পয়সার পুরনো কয়েন কি এখনও বৈধ? RBI-এর নিয়ম কী, একবারে কত টাকার কয়েন ব্যবহার করা যায় এবং ব্যাংকে কীভাবে জমা করবেন, জানুন।
একসময় দোকান থেকে টফি বা ছোটখাটো জিনিস কেনার পর ফেরত পাওয়া যেত ৫০ পয়সার কয়েন। সময়ের সঙ্গে এই কয়েনের ব্যবহার প্রায় হারিয়ে গিয়েছে। ফলে অনেকেরই বাড়ির পুরনো আলমারি, বাক্সে এখনও ৫০ পয়সার কয়েন পড়ে থাকতে পারে। অনেকেই মনে করেন, এই কয়েন আর বৈধ নয়। কিন্তু বাস্তবটা অন্যরকম।

৫০ পয়সার কয়েন এখনও লিগ্যাল টেন্ডার বা বৈধ মুদ্রা। RBI-এর বর্তমান নির্দেশ অনুযায়ী, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার বিভিন্ন আকার ও নকশার কয়েন এখনও বৈধ। অন্যদিকে, ২৫ পয়সা এবং তার কম মূল্যের কয়েন ৩০ জুন ২০১১ থেকে আর বৈধ নয়। অর্থাৎ, আপনার কাছে পুরনো ৫০ পয়সার কয়েন থাকলে তার মূল্য শেষ হয়ে যায়নি। একটি ৫০ পয়সার কয়েনের মূল্য এখনও ৫০ পয়সাই।
৫০ পয়সার কয়েন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। একবারের লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ৫০ পয়সার কয়েন দিয়ে পেমেন্ট করা যায়। অর্থাৎ, ২০টি ৫০ পয়সার কয়েনের মোট মূল্য ১০ টাকা। এর বেশি কয়েন কেউ নিজের ইচ্ছায় গ্রহণ করতে পারেন, কিন্তু তাঁকে বাধ্য করা যায় না।
অনেক দোকানে ৫০ পয়সার কয়েন নিতে অনীহা দেখা গেলেও, তাই বলে কয়েনটি অবৈধ হয়ে যায় না। আপনার কাছে বেশি সংখ্যায় ৫০ পয়সার কয়েন জমে থাকলে তা ব্যাঙ্কে জমা বা বিনিময় করতে পারেন। RBI-এর নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্কের শাখাগুলিকে গ্রাহক-সহ সাধারণ মানুষের কাছ থেকেও কয়েন গ্রহণ এবং বিনিময়ের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। ব্যাঙ্ক কয়েন বা ছোট মূল্যের নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারে না।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে পুরনো কয়েনের বদলে লাখ লাখ টাকা পাওয়ার দাবি ছড়িয়ে পড়ে। কিন্তু সাধারণ ৫০ পয়সার কয়েনের ক্ষেত্রে এমন কোনও RBI-নির্ধারিত অতিরিক্ত মূল্য নেই। সাধারণ ৫০ পয়সার কয়েনের সরকারি মূল্য ৫০ পয়সাই। তাই পুরনো কয়েন দেখে কেউ যদি RBI-এর নাম করে বিপুল টাকা দেওয়ার দাবি করে এবং আগে রেজিস্ট্রেশন, প্রসেসিং ফি বা অন্য কোনও টাকা চায়, সতর্ক থাকা জরুরি। এ ধরনের অফার প্রতারণা হতে পারে।
কয়েনগুলি ফেলে দেওয়ার কোনও কারণ নেই। প্রয়োজন হলে বৈধ লেনদেনে ব্যবহার করতে পারেন অথবা ব্যাঙ্কে জমা/বিনিময় করতে পারেন। তবে কোনও নির্দিষ্ট পুরনো বা বিরল কয়েনের সংগ্রাহক মূল্য থাকলে সেটি আলাদা বিষয়—সেক্ষেত্রে কয়েনটির সাল, নকশা, মিন্ট মার্ক এবং অবস্থা গুরুত্বপূর্ণ।