Mobile Recharge: আমজনতার পকেটে ফের কোপ! কতটা দাম বাড়ছে মোবাইল রিচার্জের?
মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ। আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যেই ফের দাম বাড়তে পারে রিচার্জ প্ল্যানের। সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চের একটি রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে।

৪-৫ মাসেই কি দাম বাড়ছে?
টেলিকম দুনিয়ায় এখন রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল আর ভোডাফোন আইডিয়ারই রাজত্ব। সেন্ট্রাম-এর রিপোর্ট বলছে, বাজারে প্রতিযোগিতা কমে যাওয়ায় কোম্পানিগুলোর পক্ষে দাম বাড়ানো এখন বেশ সহজ। তাই আগামী ৪-৫ মাসের মধ্যে রিচার্জের দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর এমনটা হলে কল বা ডেটার জন্য গ্রাহকদের পকেট থেকে আরও বেশি টাকা খসবে।

জিও, এয়ারটেল ও ভিআই গ্রাহকদের কী হবে?
টেলিকম কোম্পানিগুলোর আয়ের মূল উৎস হলো গ্রাহক পিছু গড় আয় বা ARPU। রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার ARPU ০.৮ থেকে ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মানুষ ২জি থেকে ৪জি বা ৫জি-তে আসছেন, আর পোস্টপেইড গ্রাহকও বাড়ছে— এটাই এর মূল কারণ। জিও আরও ৮ মিলিয়ন নতুন গ্রাহক টানবে বলে আশা করা হচ্ছে, ফলে তাদের মোট গ্রাহক হবে ৫৪১ মিলিয়ন এবং ARPU বেড়ে হবে ২১৮ টাকা। এয়ারটেল ৩ মিলিয়ন নতুন গ্রাহক যোগ করে মোট ৩৮ মিলিয়ন গ্রাহকে পৌঁছাবে, আর তাদের ARPU হবে ২৬৯ টাকা। অন্যদিকে, ভোডাফোন আইডিয়া ১ মিলিয়ন গ্রাহক বাড়িয়ে মোট ১৯৪ মিলিয়ন গ্রাহকে পৌঁছাবে এবং তাদের ARPU বেড়ে ১৭৮ টাকা হবে বলে রিপোর্টে জানানো হয়েছে।
হু হু করে বাড়ছে ৫জি-র ব্যবহার
দেশে ৪জি এবং ৫জি-র ব্যবহার যত বাড়ছে, গ্রাহক পিছু ডেটা খরচের পরিমাণও তত বাড়ছে। জিও এবং এয়ারটেল ইতিমধ্যেই দেশের ৯৫ শতাংশেরও বেশি জেলায় ৫জি পরিষেবা পৌঁছে দিয়েছে। এখন তারা আরও বেশি ৫জি ডিভাইসকে নিজেদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার দিকে নজর দিচ্ছে। ভোডাফোন আইডিয়াও প্রায় ২০০টি শহরে ৫জি চালু করেছে এবং আগামী দিনে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, জিও এবং এয়ারটেলের ৫জি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) এবং ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবাও দারুণ সাড়া পাচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে।
ভোডাফোন আইডিয়ার ফান্ডের দিকে বিশেষ নজর
নেটওয়ার্ক বাড়ানো এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ভোডাফোন আইডিয়াকে এখন প্রচুর টাকা বিনিয়োগ করতে হবে। রিপোর্ট বলছে, এর জন্য ব্যাঙ্ক থেকে ২৫,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা করছে কোম্পানিটি। ২০২৭ থেকে ২০২৯ অর্থবর্ষের মধ্যে তাদের প্রায় ৪৫,০০০ কোটি টাকা মূলধনী খরচ করতে হবে। এই রিপোর্টে ইন্ডাস টাওয়ার্স এবং টাটা কমিউনিকেশনসের মতো টেলিকম সংস্থাগুলোর কথাও বলা হয়েছে। ত্রৈমাসিক হিসেবে ইন্ডাস টাওয়ার্সের আয় প্রায় ১.৭ শতাংশ এবং টাটা কমিউনিকেশনসের আয় প্রায় ১.৬ শতাংশ বাড়তে পারে। সব মিলিয়ে, টেলিকম কোম্পানিগুলোর আয় এবং ৫জি-র ব্যবহার বাড়লেও, আগামী দিনে রিচার্জের দাম বাড়লে সাধারণ মানুষের ওপরই চাপ বাড়বে।

