- Home
- Business News
- PMMVY Scheme: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ৬,০০০ টাকা! কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করতে কী কী লাগবে?
PMMVY Scheme: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ৬,০০০ টাকা! কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করতে কী কী লাগবে?
PMMVY Scheme: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা নামের এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন? জেনে নিন।

গর্ভবতী মহিলাদের জন্য কেন্দ্রের আর্থিক সাহায্য
গর্ভাবস্থায় মহিলাদের আয়ের ক্ষতি পূরণ করতে এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার 'প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা' (PMMVY) চালু করেছে। এই প্রকল্পে যোগ্য মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়।

কত টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়?
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা দুটি ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্য দেয়। প্রথম সন্তান: প্রথম সন্তানের জন্য আবেদন করলে মোট ৫,০০০ টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি ৩,০০০ টাকা। গর্ভাবস্থার রেজিস্ট্রেশন এবং অন্তত একবার অ্যান্টিনেটাল চেক-আপ (Antenatal Check-up) করার পর এই টাকা পাওয়া যায়। দ্বিতীয় কিস্তির টাকা ২,০০০ টাকা। সন্তানের জন্মের রেজিস্ট্রেশন এবং ১৪ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রাথমিক টিকা দেওয়ার পর, এই টাকা দেওয়া হয়। দ্বিতীয় সন্তান মেয়ে হলে এককালীন ৬,০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হয়।
এই প্রকল্পের জন্য কারা যোগ্য?
১৯ বছরের বেশি বয়সী সমস্ত অন্তঃসত্ত্বা মহিলা এবং স্তন্যদায়ী মায়েরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে অথবা দারিদ্র্যসীমার নিচে (BPL) থাকতে হবে। (MGNREGA জব কার্ড, ই-শ্রম কার্ড থাকলেও অগ্রাধিকার পাওয়া যায়)। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত বা যারা ইতিমধ্যেই বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান, তারা আবেদন করতে পারবেন না। কী কী নথি প্রয়োজন? মায়ের আধার কার্ড (বর্তমান নিয়ম অনুযায়ী স্বামীর আধার কার্ড বাধ্যতামূলক নয়)। আধার লিঙ্ক করা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টের পাসবুকের কপি। মা ও শিশু সুরক্ষা কার্ড (MCP Card - মোবাইল নম্বর রেজিস্টার করা থাকতে হবে)। সন্তানের জন্মের শংসাপত্র এবং টিকার কার্ড (শুধুমাত্র দ্বিতীয় কিস্তির জন্য)।
কীভাবে আবেদন করবেন?
আপনি আপনার এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Centre) বা সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (PHC) সরাসরি যেতে পারেন। সেখানকার অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা (ASHA) কর্মীদের থেকে ফর্ম নিয়ে, তা পূরণ করে নথি জমা দিতে পারেন। অনলাইনেও আবেদন করা যায়। সেক্ষেত্রে সরকারি ওয়েবসাইট pmmvy.wcd.gov.in-এ যেতে হবে। সেখানে 'Citizen Login' অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে লগইন করতে হবে। এরপর নিজের সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। মনে রাখবেন, সন্তান জন্মের ২৭০ দিনের মধ্যে এই প্রকল্পে আবেদন করা বাধ্যতামূলক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

