স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ স্থগিতের নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের কারণেই এই পদক্ষেপ।
স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ স্থগিতের নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের কারণেই এই পদক্ষেপ। পর্ষদের সূত্রে খবর, নির্বাচনের সময়ে যাতায়াতের অসুবিধা হতে পারে। বহু চাকরিপ্রার্থী পর্ষদে একথা জানিয়েছেন। তাঁদের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে।
২০২২ সালে শেষবারের জন্য প্রাথমিক নিয়োগ হয়েছিল। সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণ প্রার্থীরা। তবে এর মধ্যে ২০২২ ও ২০২৩-এর টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা নিয়োগে সুবিধা পায়নি।
তারপর প্রায় তিন বছরের অপেক্ষা শেষে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৩ হাজার ৪২১ জনের নিয়োগের জন্য গত বছরের ডিসেম্বর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। ইতমধ্যেই প্রথম থেকে চতুর্থ দফার ইন্টারভিউ শেষ হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার ইন্টারভিউ শুরু হয়। পঞ্চম পর্যায়ে নদিয়া জেলার ইন্টারভিউ গত ১৯ মার্চ শেষ হয়। ষষ্ঠ পর্যায়ে গত ২৩ মার্চ পুরুলিয়া জেলার জন্য ইন্টারভিউ শুরু হয়। কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ফলে এর মধ্যে আদৌ কাউন্সেলিং করা যায় কি না, তা নিয়েই কিছু প্রশ্ন উঠেছিল।
পর্ষদের আজকের সিদ্ধান্তে ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থীর চাকরি কবে হবে তাতে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, জানা যাচ্ছে আপাতত নির্বাচনের পরে হতে পারে ফের ইন্টারভিউ প্রক্রিয়া। পরবর্তীতে কবে ফের ইন্টারভিউয়ের দিন ঘোষণা হয় সেটা দ্রুত জানিয়ে দেওয়া হবে বলে জানান পর্ষদের এক কর্তা।


