প্লেব্যাক ছেড়ে পরিচালনায় অরিজিৎ সিং! গান ছেড়ে তবে কি এটাই নতুন ইনিংস গায়কের?

দীর্ঘদিন ধরে বলিউডের প্লেব্যাক জগতে অরিজিৎ সিংহ মানেই একের পর এক সুপারহিট গান। রোম্যান্টিক হোক বা আবেগঘন, প্রায় প্রতিটি ঘরানাতেই তাঁর কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে। তবে এবার গায়ক অরিজিতের কেরিয়ারে আসতে চলেছে বড় পরিবর্তন। শোনা যাচ্ছে, তিনি ধীরে ধীরে প্লেব্যাক গান থেকে সরে এসে মন দিতে চাইছেন অন্য সৃজনশীল কাজে। সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর আলোচনা, অরিজিৎ নতুন করে প্লেব্যাক প্রজেক্ট বেছে নিচ্ছেন না। এর অর্থ এই নয় যে তিনি গান ছেড়ে দিচ্ছেন, বরং সিনেমার জন্য নিয়মিত গান গাওয়ার বদলে নিজের মতো করে সঙ্গীত ও গল্প বলার দিকে ঝুঁকছেন তিনি। সেই সূত্রেই শুরু হয়েছে আরও বড় খবর।

 রিপোর্ট অনুযায়ী, অরিজিৎ সিংহ এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। নিজের প্রথম ছবির প্রস্তুতিতে ইতিমধ্যেই নাকি অনেকটা পথ এগিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ছবির গল্প ও ভাবনায় অরিজিতের ব্যক্তিগত ছাপ থাকবে, যেখানে সঙ্গীতের পাশাপাশি থাকবে ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের গুরুত্ব। 

এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে পারেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা সিদ্দিকি। শোরা বর্তমানে বিদেশে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন এবং এই ছবিই হতে পারে তাঁর বড় পর্দায় অভিষেক। বাবার পরিচয়ের বাইরে নিজেকে তৈরি করার দিকেই নাকি মন দিচ্ছেন তিনি, আর অরিজিতের পরিচালনায় কাজ পাওয়া তাঁর কেরিয়ারের জন্য বড় সুযোগ হতে পারে। ছবির বিষয়বস্তু নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইন্ডাস্ট্রির সূত্রে ইঙ্গিত মিলছে, এটি সাধারণ প্রেমের গল্প নয়, বরং ভিন্ন স্বাদের একটি কনসেপ্টভিত্তিক ছবি হতে পারে। অরিজিত নিজে যেহেতু দীর্ঘদিন ধরে সঙ্গীতের মাধ্যমে অনুভূতি প্রকাশ করে এসেছেন, তাই তাঁর পরিচালনায় গল্প বলার ধরনও আলাদা হবে বলেই মনে করছেন অনেকে। 

গানের দুনিয়ায় সাফল্যের শিখরে পৌঁছেও নতুন কিছু করার সাহস দেখানো সহজ নয়। কিন্তু অরিজিৎ বরাবরই চেনা পথে হাঁটার বদলে নিজের মতো করে কাজ করতে ভালোবাসেন। প্লেব্যাক থেকে কিছুটা দূরে সরে পরিচালনায় মন দেওয়া সেই ভাবনারই প্রতিফলন। সব মিলিয়ে বলা যায়, অরিজিৎ সিংহের কেরিয়ারে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। গায়ক অরিজিতের পাশাপাশি এবার দর্শক পেতে পারেন পরিচালক অরিজিতকে। তাঁর প্রথম ছবি নিয়ে এখন থেকেই কৌতূহল তুঙ্গে বিনোদন মহলে।