প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছে বিজেপি। এই কর্মসূচির তীব্র সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মোদীর জন্মদিন। আজ নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আশীর্বাদের প্রদীপ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীকে নিজের ঘরে, বিভিন্ন প্রতিষ্ঠানে এবং উপাসনালয়ে প্রদীপ জ্বালানোর আহ্বান দিয়েছে। আজ গুজরাটের আহমেদাবাদে ৭৬ হাজার প্রদীপ জ্বলবে। তেমনই পশ্চিমবঙ্গেও আজ বিশেষ কর্মসূচি পালন হবে। আজ শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা দিবস পালন করবে। তেমনই আজই দেওয়া হবে এই মাসের অন্নপূর্ণা যোজনার টাকা।
এই সবের মাঝে বিশেষ নজর কাড়লেন শ্রীলেখা মিত্র। মোদীর জন্মদিনে আশীর্বাদের প্রদীপ কর্মসূচি নিয়ে তিনি বেশ ক্ষিপ্ত। আর নিজের মনের এই অনুভূতি প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। করলেন এক বিশেষ পোস্ট।
লিখলেন, একজন স্বৈরাচারী- অথবা এক স্বৈরাচারী গোষ্ঠী- সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে। সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, জীবিকা কেড়ে নিচ্ছে, আর সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদ আরও গভীর করছে, অথচ একই সঙ্গে তারা দাবি করছে যে তারা স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কেমন এক সমাজ গড়ে তুলছি যেখানে অন্ধ অনুসারীদের ভক্ত হিসেবে মহিমান্বিত করা হয়। আর শিক্ষিত ও ভিন্নমতাবলম্বীদের তরমা দেওয়া হয় দিমাগি নকশাল হিসেবে? এমন এক সময় যখন ভয়ই হয়ে ওঠে শাসনের হাতিয়ার আর ভিন্নমতকে দেখা হয় বিশ্বাসঘাতকতা হিসেবে? আর তারপর আমাদের বলা হচ্ছে প্রদীপ জ্বালাতে। কী এক ঘোরতর পরিহাস। কী এক অন্ধকার যুগে আমরা বাস করছি…
এরপর নানান কমেন্ট দেখা যায় শ্রীলেখার পোস্টে। কেউ তাকে সমর্থন করেছেন তো কেউ তার ভাবনাকে ভুল বলেছেন। একজন কমেন্ট করেছেন, এই প্রদীপ জ্বালানো নির্দেষ্ট নেই তা। কেউ লিখেছেন, কিছু মানুষ বুঝছেন আর কিন্তু কিছু মানুষ বুঝেও নিজের স্বার্থ, জীবিকা সুরক্ষিত রাখতে চুপ।


