Rahul Arunoday Banerjee Dies: রূপম ইসলামকে দিয়ে শুরু করার পর রাহুলের সহজ কথা চ্যানেলের অতিথি হয়ে আসেন সহ অভিনেতা হৃতিক চক্রবর্তী, সোহিনী সরকার,চিরঞ্জিত চক্রবর্তী,সৃজিত মুখোপাধ্যায়, অনির্বান চক্রবর্তী, বরুণ চন্দ,কৌশিক সেন, ঋদ্ধি সেন, গৌরব চক্রবর্তীরা।
Rahul Arunoday Banerjee Dies: অভিনেতা রাহুল বন্দ্য়োপাধ্যায়ের প্রয়াণে গোটা বাংলা শোকস্তব্ধ। মাত্র ৪৩ বছর বয়েসে আকস্মিক দুর্ঘটনায় রাহুলের মৃত্যুর শোক শুধু পর্দার দুনিয়ায় নয়, রাজ্যের সব মহলে ছড়িয়ে গিয়েছে। অভিনেতা রাহুল ঠিক কতটা ভাল, কত গভীর তাঁর অভিনয়ের স্তর তা নিয়ে অনেক আলোচনাই চলছে। তবে ডিজিটাল মাধ্যমেও রাহুল সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, বিশেষ করে নেটিজেনদের মধ্যে। রাহুলের পডকাস্ট 'Shohoj Katha' মানেই আলাদা কিছু, সহজ কিছু। পডকাস্টার রাহুলের মৃত্যু বঙ্গ ডিজিটাল ক্রিয়েশন দুনিয়ার বড় ক্ষতি সে কথা বলছেন কনটেন্ট ক্রিয়েটাররা। গত এক বছর ধরে চলা রাহুলের 'সহজ কথা' ইউটিউব পডকাস্ট চ্যানেলে মোট ৬৯টি পর্ব আপলোড করা হয়। রাহুল তাঁর ছেলে সহজ ব্যানার্জির নামেই 'সহজ কথা' চ্যানেলটি শুরু করেছিলেন।
ছেলের নামে ইউটিউবে পডকাস্ট চ্য়ানেল খোলেন, প্রথম অতিথি রূপম ইসলাম
বছরখানেক আগে 'সহজ কথা' নাম দিয়ে একটি ভিডিও সাক্ষাতকারভিত্তিক পডকাস্ট চ্য়ানেল খোলেন রাহুল। শ্যুটিংয়ের হাজারো ব্যস্ততার মাঝেও চ্য়ানেলে নিয়মিত কনটেন্ট দিতে থাকেন রাহুল। সময় যত এগোচ্ছিল লাফিয়ে লাফিয়ে রাহুলের চ্য়ানেলের জনপ্রিয়তা বাড়ছিল, বাড়ছিল সাবস্ক্রাইবার, ভিউজ। রাহুলের 'সহজ কথা'পডকাস্ট চ্যানেলের প্রথম অতিথি ছিলেন জনপ্রিয় গায়ক রূপম ইসলাম। রূপমের সঙ্গে রাহুলের দু'ঘণ্টার সাক্ষাৎকার ঝড় তুলেছিল। চ্য়ানেলের নামের মতই খুব সহজ কথায় তাঁর অতিথিদের মনের কথা জানতেন, তাদের বক্তব্য তুলে ধরতেন। পডকাস্ট ঠিক কী করে সঞ্চালনা করতে হয়, তার বড় উদাহরণ হয়ে উঠেছিলেন 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়ক।
রাহুলের সহজ কথা চ্যানেলের প্রথম অতিথি রূপম ইসলাম

রাজনীতিবিদ থেকে গায়ক, সাংবাদিকরাও রাহুলের সহজ কথায় অতিথি হয়ে আসেন
রূপম ইসলামকে দিয়ে শুরু করার পর রাহুলের সহজ কথা চ্যানেলের অতিথি হয়ে আসেন সহ অভিনেতা হৃতিক চক্রবর্তী, সোহিনী সরকার, চিরঞ্জিত চক্রবর্তী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়,ঋধিমা ঘোষ, অনির্বান চক্রবর্তী, রুকমা রায়, বরুণ চন্দ, কৌশিক সেন, ঋদ্ধি সেন, গৌরব চক্রবর্তীরা। তবে শুধু অভিনয় জগত নয়, রাজনীতির জগতের অনেকেও রাহুলের 'সহজ কথা'র অতিথি হয়েছেন। বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী রাহুলের পডকাস্টে অতিথি হয়েছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, সিপিএমের তরুণ মুখ দীপ্সিতা ধর। আর দিন দুয়েক আগে রাহুলের সহজ কথা ইউটিউব চ্য়ানেলে আপলোড হওয়া শেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়ও রাহুলের সহজ কথা অনুষ্ঠানে এসে নিজের জীবন নিয়ে অনেক কথা বলেছিলেন। সপ্তাহ দুয়েক আগে রুদ্রনীলের সঙ্গে রাহুলের পডকাস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দেয়।
তাঁর কাজ, তাঁর কণ্ঠ, রয়ে গেল স্মৃতিতে
রাহুলের পডকাস্ট সহজ কথায় এসে তাঁর খুব প্রশংসাও করেছিলেন মীর। মাসখানেক আগে রাহুলের সহজ কথায় অতিথি হয়ে এসে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও তাঁর বেশ প্রশংসা করেছিলেন। সহজ কথায় অভিনেত্রী শ্রাবন্তী চ্য়াটার্জি-রও ভিন্ন দিকও তুলে ধরে ছিলেন রাহুল। গান জগতে শিলাজিত মজুমদার, চন্দ্রবিন্দুর উপল, অনিন্দ্য চ্যাটার্জি-রা রাহুলের পডকাস্টে অতিথি হয়ে এসে জমিয়ে দিয়েছিলেন। এক বছর ধরে সহজ কথায় বলা সেইসব পডকাস্ট, ভিডিও, কনটেন্টগুলো এখন আর্কাইভ হয়ে গেল। রাহুল চলে গেলেন, কিন্তু তাঁর কাজ, তাঁর কণ্ঠ, রয়ে গেল স্মৃতিতে।


