'বালিকা বধূ' খ্যাত অভিনেত্রী অবিকা গোর স্বামী মিলিন্দ চন্দওয়ানীর সঙ্গে পাকাপাকিভাবে ব্যাংককে চলে গিয়েছেন। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?
ছোট্ট আনন্দী থেকে আজ পরিণত সংসারী নারী— অবিকা গোর-র জীবনযাত্রার এই বদল বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’-র মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পাওয়া অভিনেত্রী এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করতে মুম্বই ছেড়ে পাকাপাকি ভাবে ব্যাংককে চলে গেলেন স্বামী মিলিন্দ চন্দওয়ানী-র সঙ্গে।

বিয়ের পর থেকেই সমাজমাধ্যমে স্বামীর সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় অবিকাকে। তাঁদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলও কম নয়। এমনকি একাধিক বার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছে। যদিও প্রতিবারই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন অবিকা ও মিলিন্দ।
সম্প্রতি নিজের বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অবিকা জানান, ব্যাংককে মিলিন্দের কাজের সুযোগ অনেক বেশি। সেই কারণেই এই সিদ্ধান্ত। অভিনেত্রীর কথায়, “মিলিন্দ এবং আমি বুঝতে পেরেছি, ওই দেশে ওঁর কাজের ভালো সুযোগ রয়েছে। আর সত্যি বলতে, আমার কাছেও বিষয়টা খুব রোমাঞ্চকর মনে হয়েছে। সেখানে গেলে সবসময় মনে হবে যেন ছুটিতে আছি।”
সাত বছরের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করে অবিকা বলেন, তাঁদের সম্পর্কের ভিত্তিই হল একে অপরকে সমর্থন করা এবং এগিয়ে যেতে সাহায্য করা। সেই বিশ্বাস থেকেই জীবনের এই বড় সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।..
তবে দেশ ছাড়লেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না অবিকা। তিনি স্পষ্ট জানিয়েছেন, মুম্বইয়ে না থাকলেও ভারতীয় বিনোদন জগতের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে। অতীতেও কাজের সূত্রে তাঁকে হায়দরাবাদ, রাজামুন্দ্রি বা বিশাখাপত্তনমে দীর্ঘ সময় থাকতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন, কাজের জন্য নির্দিষ্ট শহরে থাকাটা সবসময় জরুরি নয়।
অবিকার কথায়, “আমি যেখানেই থাকি না কেন, আমার পেশা বদলাবে না। পৃথিবীর যে কোনও প্রান্তে থেকেও মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজ করা সম্ভব, আর আমি সেই ভাবনাতেই বিশ্বাসী।”
নতুন শহর, নতুন জীবন— তবে অভিনয়ের প্রতি একই আবেগ নিয়েই বিদেশের মাটিতে নতুন পথচলা শুরু করলেন ছোটপর্দার প্রিয় মুখ অবিকা গোর।
