স্কুলের ক্লাসরুমের মধ্যেই ভয়াবহ হামলা! পড়াশোনা চলাকালীন যন্ত্রচালিত করাত (চেনস কাটার) নিয়ে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে আক্রমণ করল এক যুবক। তার হামলায় গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু এলাকার একটি সরকারি স্কুলে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।
স্কুলের ক্লাসরুমের মধ্যেই ভয়াবহ হামলা! পড়াশোনা চলাকালীন যন্ত্রচালিত করাত (চেনস কাটার) নিয়ে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে আক্রমণ করল এক যুবক। তার হামলায় গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু এলাকার একটি সরকারি স্কুলে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে খবর, রাপ্তাডুর জেলা পরিষদ হাইস্কুলে ক্লাস চলছিল। সেই সময় আচমকাই ক্লাসরুমে ঢুকে পড়ে অভিযুক্ত। তার হাতে ছিল গাছ কাটার যন্ত্রচালিত করাত। এরপর দশম শ্রেণির এক ছাত্রীকে লক্ষ্য করে হামলা চালায় সে। ওই ছাত্রীর মুখ, মাথা, ঘাড় ও শরীরে গুরুতর আঘাত লাগে। হামলা ঠেকাতে গিয়ে আহত হয় আরও এক ছাত্রী।
আহত দুই পড়ুয়াকে দ্রুত অনন্তপুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক ছাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে প্রাথমিকভাবে জানা যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে।
কীভাবে স্কুলে ঢুকল অভিযুক্ত?
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কুল চত্বরে মেরামতির কাজ চলছিল। সেই সুযোগে অভিযুক্তকে কর্মী ভেবে স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল বলে খবর। এরপর সরাসরি ক্লাসরুমে ঢুকে হামলা চালায় সে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম হেমন্ত ওরফে ডুম্মু। প্রাথমিক তদন্তে সে আহত ছাত্রীর আত্মীয় বলে জানা গিয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি আহত ছাত্রীর চিকিৎসার বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন তিনি। আহত ছাত্রীর মায়ের সঙ্গেও ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পুলিশকে। অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী নারা লোকেশও এই ঘটনার নিন্দা করেছেন। স্কুলের মতো নিরাপদ জায়গায় ছাত্রীদের উপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কী কারণে এই হামলা, অভিযুক্ত কীভাবে অস্ত্র নিয়ে স্কুলে ঢুকল এবং স্কুলের নিরাপত্তায় কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।




