Indian Air Force: আগামী ৩১ অক্টোবর অবসর নিচ্ছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ৪২ বছরের দীর্ঘ কর্মজীবন এবং 'অপারেশন সিঁদুর'-এ তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য তাঁকে বিদায় সংবর্ধনা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Indian Air Force: বায়ুসেনা প্রধানকে বিদায়। আগামী ৩১ অক্টোবর অবসর নিতে চলেছেন চিফ অফ দ্য এয়ার স্টাফ (CAS) এয়ার চিফ মার্শাল এপি সিং। শুক্রবার তাঁকে বিদায় সংবর্ধনা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ৪২ বছরের দীর্ঘ কেরিয়ারে ভারতীয় বায়ুসেনা এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদান ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী (Indian Air Force)। প্রতিরক্ষা মন্ত্রকের মতে, 'অপারেশন সিঁদুর' সফল করতে এবং ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে বিদায়ী বায়ুসেনা প্রধান যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাজনাথ সিং তারও প্রশংসা করেন।
প্রশংসা এবং আগামী পরিকল্পনা
এক্স (X) হ্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রক লিখেছে, “বায়ুসেনা প্রধানের অসামান্য কাজ, নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর অবদানের প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী। 'অপারেশন সিঁদুর' সফল করা এবং বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা স্বীকার করেছেন শ্রী রাজনাথ সিং। এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের আগামী জীবনের জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন।” প্রতিরক্ষামন্ত্রক আরও জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার আগে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন এয়ার চিফ মার্শাল এপি সিং। মন্ত্রকের কথায়, "২০২৬ সালের ৩১ অক্টোবর অবসর নেওয়ার আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর নয়াদিল্লির এয়ার ফোর্স স্টেশনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে।"
অপারেশন সিঁদুর এবং তাঁর অবদান
এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের অবসরের মধ্যে দিয়ে তাঁর ৪২ বছরের দীর্ঘ কর্মজীবনের অবসান হতে চলেছে। বায়ুসেনা প্রধান হিসেবে তাঁর আমলে বাহিনীর যে উন্নতি হয়েছে, এই বিদায়বেলায় সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছে ভারতীয় বায়ুসেনা।২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা হয়। একটি গ্রামে ঢুকে ২৬ জন সাধারণ মানুষকে খুন করে জঙ্গিরা। এই ঘটনার পর ২০২৫ সালের ৭ মে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (PoJK) থাকা জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ৯টি বড় লঞ্চপ্যাড ধ্বংস করে ভারতীয় সেনা। এই অপারেশনে ১০০ জনেরও বেশি জঙ্গি খতম হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






