CM Yumnam Khemchand Singh: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইয়ামনাম খেমচাঁদ সিং। মণিপুরে শুরু হল নতুন যুগ, ফিরল বিজেপি সরকার। আজ, বুধবার সন্ধ্যায় দিল্লির মণিপুর ভবনে শপথ নিলেন বিজেপির মেইতেই সম্প্রদায়ের ৬২ বছরের নেতা তথা বিধায়ক।
CM Yumnam Khemchand Singh Sworn In: এক বছরের রাষ্ট্রপতি শাসন শেষে মণিপুর পেল নতুন মুখ্যমন্ত্রী। উত্তর-পূর্ব ভারতের ছবির মত সুন্দর এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইয়ামনাম খেমচাঁদ সিং। মণিপুরে শুরু হল নতুন যুগ, ফিরল বিজেপি সরকার। আজ, বুধবার সন্ধ্যায় দিল্লির মণিপুর ভবনে শপথ নিলেন বিজেপির মেইতেই সম্প্রদায়ের ৬২ বছরের নেতা তথা বিধায়ক। সিঙ্গজামে কেন্দ্র থেকে দুইবারের বিধায়ক ওয়াই খেমচাঁদের ওপরেই মণিপুরের দায়িত্ব দিলেন মোদী-শাহ-রা। মণিপুরে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির কুকি সম্প্রদায়ের বিধায়িকা নেমচা কিপগেন ও এনডিএর শরিক দল নাগা পিপলস ফ্রন্ট পার্টির নেতা লসি দিখো (lOSII । রাজ্যের মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীকে দিল্লির মণিপুর ভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল অজয় ভুল্লা। মণিপুরে এই প্রথম কোনও মহিলা উপমুখ্যমন্ত্রী হলেন। আগামী বছর ফেব্রুয়ারিতে মণিপুরে বিধানসভা নির্বাচন। কদিনের মধ্যেই ওয়াই খেমচাঁদের সিংয়ের সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। ২০১৭ সাল থেকে মণিপুরের মুখ্যমন্ত্রী ছিলেন এন বীরেন সিং। কিন্তু রাজ্যে বছর দুয়েক ধরে চলা ব্যাপক হিংসার কারণে শেষ পর্যন্ত গত বছর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বীরেন সিং। এরপর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এক বছর পর আজ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজ্ঞপ্তি জারি করে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে, তার কয়েক ঘণ্টা পরেই মণিপুরের ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওয়াই খেমচাঁদ সিং। ২০১৭ সালে প্রথমবার মণিপুরে সরকার গড়ে বিজেপি। এরপর ২০২২ নির্বাচনে ফের রাজ্যের ক্ষমতায় ফেরেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।
সংখ্যার রাজনীতিতে ফ্রন্টফুটে বিজেপি
রাজ্যে হিংসা সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে এন বীরেন সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল একটি স্থানীয় দল। তবে ২০২২ বিধানসভায় ৬০টি-র মধ্যে ৩২টি আসনে জেতা বিজেপির পক্ষে এখনও সরকার গড়ার রাখার মত সংখ্যায় রয়েছে। রাজ্যের একমাত্র জেডি (ইউ) বিধায়কও এনডিএ-র দিকে থাকায় সুবিধা হয়েছে বিজেপির। গত লোকসভা নির্বাচনে মণিপুরের দুটি আসনেই হারে বিজেপি। মণিপুরের ক্রমগাত হিংসার ঘটনা সামলাতে না পারায় প্রশ্নের মুখে বিজেপির সরকার। তবে এবার উন্নয়নের রাজনীতিতেই উত্তর পূর্বের এই রাজ্যে ঘুরে দাঁড়াতে চাইছে পদ্মশিবির।
আগামী বছর মণিপুরে বিধানসভা ভোটের আগে ঘর গোছানোর চেষ্টায় বিজেপি
কুকি,মেইতি সহ রাজ্যের সব সম্প্রদায়কে একসঙ্গে উন্নয়ন যজ্ঞে সামিল করতে চান নয়া মুখ্যমন্ত্রী হতে চলা ইয়ামনাম খেমচাঁদ সিং। আগামী বছর মণিপুরে বিধানসভা নির্বাচনের আগে ভাঙা ঘর গোছাতে চাইছে এনডিএ শিবির। মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং গত বছর ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন । মেইতেই-কুকি সংঘর্ষ থামাতে ব্যর্থ হন বীরেন সিং। এরপর নতুন সরকার গঠন সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬ অনুসারে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে।

