- Home
- India News
- Akvan Landfall: গোপালপুরে ল্যান্ডফল আকভানের, এবার কী হবে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি? জানাল হাওয়া অফিস
Akvan Landfall: গোপালপুরে ল্যান্ডফল আকভানের, এবার কী হবে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি? জানাল হাওয়া অফিস
Akvan Landfall process: উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার মাঝে গোপালপুরের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আকভান। আবহাওয়া দফতর জানিয়েছে, এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শুক্রবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল পার করেছে ঘূর্ণিঝড় 'আকভান', গোপালপুরের ঠিক কাছেই। অর্থাৎ সময়ের আগেই ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় আকভান। কারণ আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল আজ, শুক্রবার দুপুরে ল্যান্ডফল করবে আকভান।

আকভানের গতিবেগ
গত ৬ ঘণ্টা ধরে এই ঝড় উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ২৬ কিলোমিটার বেগে এগিয়ে আসছিল। সকাল ৭:৩০ থেকে ৮:৩০-এর মধ্যে এটি উপকূল পেরিয়ে যায়, তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, যা কখনও কখনও ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছচ্ছিল।
বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে এটি দক্ষিণ উপকূলীয় ওড়িশা এবং সংলগ্ন উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে অবস্থান করছিল। এটি কলিঙ্গপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে, পুরী (ওড়িশা) থেকে ১৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল।
আকভানের গতিপ্রকৃতি
আবহাওয়া দফতর জানিয়েছে, এটি এরপর ওড়িশার উপর দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাবে। আগামী তিন ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে।
ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
অমরাবতী আবহাওয়া কেন্দ্রের ডিরেক্টর কে নাগা রত্না জানান, এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার মাঝে গোপালপুরের কাছে শুক্রবার সকাল ৭:৩০ থেকে ৮:৩০-এর মধ্যে ল্যান্ডফল সম্পন্ন করেছে।
এএনআই-কে তিনি বলেন, "আজ সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করা অতি তীব্র ঘূর্ণিঝড় আকভান উপকূল পার করেছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মাঝে গোপালপুরে এটি ল্যান্ডফল করেছে।"
তিনি আরও জানান, শ্রীকাকুলাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তর অন্ধ্রপ্রদেশের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির সতর্কতা শ্রীকাকুলামে
ঘূর্ণিঝড়টি উপকূল পার করে গেলেও শ্রীকাকুলাম জেলার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
শ্রীকাকুলাম জেলায় বৃষ্টিপাতের পরিমাণ নিয়ে তিনি জানান, ইছাপুরম মণ্ডলে ১৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কাঞ্চিলি এবং কাভিতি-তে ১০ সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পালাসা-তে ৯.৯ সেন্টিমিটার, সোমপেটা-তে ৯.২ সেন্টিমিটার এবং বজ্রপুকোথুরু-তে ৪.৯ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
বৃষ্টির পূর্বাভাস অন্ধ্রপ্রদেশে
আগামী ২৪ ঘণ্টা উত্তর অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস দিয়েছেন নাগা রত্না। শ্রীকাকুলাম-সহ উপকূলীয় অঞ্চলের মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। নিচু এলাকা এবং জলমগ্ন এলাকা এড়িয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।
বৃষ্টিতে বিপর্যস্ত গোপালপুর
টানা বৃষ্টির জেরে গোপালপুরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গোপালপুরেই সর্বোচ্চ ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিশাখাপত্তনমে আকাশ কালো মেঘে ঢেকেছে। পাহাড়ের চূড়ায় কুয়াশার চাদর দেখা যাচ্ছে। ইয়ারাদা যাওয়ার রাস্তাতে এবং শহরের শিল্পাঞ্চলেও কুয়াশার প্রভাব চোখে পড়েছে।
তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড় আকভান
ভুবনেশ্বর আইএমডি-র ডিরেক্টর মনোরমা মোহান্তি এএনআই-কে জানিয়েছেন, অতি তীব্র ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে একটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। তিনি জানান, ঝড়ের গতিবেগ এখন ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার, যা কখনও ১০০ কিলোমিটারে পৌঁছচ্ছে। তিনি আরও বলেন, ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এটি আরও ঘণ্টা দুয়েক চলতে পারে।
এদিকে, ওড়িশার জেলা প্রশাসন উপকূল বরাবর নিরাপত্তা আরও জোরদার করেছে। পুরীর সমুদ্র সৈকতে উত্তাল ঢেউ এবং ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে।
এই বঙ্গেও আকভানের প্রভাব
ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়েছে এই বঙ্গেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার থেকে । বৃষ্টি শুরু হয়েছে তা এখনও অব্যাহত রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে।

