Jadavpur Crime News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ভিডিও কলে পরী দেখতে পান, তাঁর একটি পোষ্য কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তা দেখে আঁতকে ওঠেন পরী। তা দেখে ভয় পেয়ে স্থানীয় এক যুবককে ফোন করে দ্রুত তাঁর ফ্ল্যাটে যাওয়ার কথা বলেন। ওই যুবক গিয়ে দেখেন, একটি নয়, পরীর দুটি পোষ্য ততক্ষণে মৃত। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Jadavpur Crime News: সম্পর্কে চিড় ধরায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন লিভ ইন সঙ্গী৷ আর সেই রাগেই নিজের প্রেমিকার দুই পোষ্য সারমেয়কে নৃশংস ভাবে খুন করল যুবক৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে যাদবপুরের বিক্রমগড় এলাকায়৷ অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ৷
কী অভিযোগ উঠেছে লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে?
স্থানীয় সূত্রে খবর, বিক্রমগড়ের একটি বাড়িতে নিজের লিভ ইন সঙ্গী পরী নভা নামে এক তরুণীর সঙ্গে ভাড়া থাকতেন সঞ্জীব ভট্টাচার্য৷ সম্প্রতি, দু জনের সম্পর্কে চিড় ধরে৷ এর পর শুক্রবার পাকাপাকি ভাবেই ওই তরুণী বিক্রমগড়ের ভাড়া বাড়ি ছেড়ে চলে যান৷ তবে ওই বাড়িতেই পরী এবং সঞ্জীবের বেশ কয়েকটি পোষ্য সারমেয় ছিল৷ পরী বাড়ি ছেড়ে চলে গেলেও পোষ্যগুলি সেখানেই রাখা ছিল৷এরপর শনিবার পরীকে ভিডিও কল করেন সঞ্জীব।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ভিডিও কলে পরী দেখতে পান, তাঁর একটি পোষ্য কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তা দেখে আঁতকে ওঠেন পরী। তা দেখে ভয় পেয়ে স্থানীয় এক যুবককে ফোন করে দ্রুত তাঁর ফ্ল্যাটে যাওয়ার কথা বলেন। ওই যুবক গিয়ে দেখেন, একটি নয়, পরীর দুটি পোষ্য ততক্ষণে মৃত। সারা ফ্ল্যাটে কার্যত রক্তের বন্যা! খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। তা শুনে ঘটনাস্থলে যান অভিনেত্রী-পশুপ্রেমী দেবলীনা দত্ত। তিনি মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুত আইনি পদক্ষেপের আর্জি জানান। খবর যায় যাদবপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সঞ্জীবকে আটক করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সে মানসিক ভারসাম্যহীন।
অন্যদিকে, কালীপুজোর বিচিত্রানুষ্ঠানকে কেন্দ্র করে বিবাদের জেরে রক্তাক্ত কাণ্ড। লোহার রড দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে এক যুবককে গুরুতর জখম করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের তালদি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা সম্মিলিতভাবে কালীপুজোর আয়োজন করে আসছেন। চলতি বছরে পুজোর বিচিত্রানুষ্ঠানকে কেন্দ্র করে মিঠুন মণ্ডল ও মদন নস্করের মধ্যে বচসা হয়। যদিও প্রতিবেশীদের হস্তক্ষেপে সেদিন পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুজো ও প্রতিমা বিসর্জনও সম্পন্ন হয়। অভিযোগ, শুক্রবার বাড়ি ফেরার পথে মিঠুনের উপর পিছন থেকে অতর্কিতে লোহার রড নিয়ে হামলা চালান রবীন নস্কর। তাঁর মাথায় একাধিকবার আঘাত করা হলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মিঠুন মণ্ডল।
তাঁর অভিযোগ, রবীন নস্করের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














