দিল্লির কনট প্লেসে 'লহরা দো তেরঙ্গা' কর্মসূচির আগেই সিজেপি কর্মী অভিজিৎ দিপকে-কে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএসএস-এর ১৬৩ ধারা লঙ্ঘনের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে 'লহরা দো তেরঙ্গা' কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই সিজেপি (CJP) কর্মী অভিজিৎ দিপকে-কে আটক করল দিল্লি পুলিশ। এনসিপি-এসসিপি (NCP-SCP) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাড়ি থেকে বেরোনোর সময়ই তাঁকে আটক করা হয়।
আটকের সময় এক পুলিশ আধিকারিক অভিজিৎকে বলেন, "আপনাকে আমরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করছি। কনট প্লেস এলাকায় এখন ১৬৩ ধারা জারি রয়েছে। তাই আপনাকে আটক করা হচ্ছে।" ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা এবং শান্তি বজায় রাখার পুরনো একটি বন্ডের কথা উল্লেখ করে অভিজিৎকে দুটি নোটিশ ধরিয়েছে পুলিশ। প্রথম নোটিশটি দিয়েছে নয়াদিল্লি জেলা পুলিশ। সেখানে বলা হয়েছে, ১৬৩ ধারা জারি থাকায় তিনি যেন সেন্ট্রাল পার্কে না যান।
দ্বিতীয় নোটিশটি এসেছে দক্ষিণ-পশ্চিম দিল্লি জেলা পুলিশের তরফ থেকে। সেখানে অভিজিৎ, আশুতোষ এবং সৌরভের পুরনো একটি আটকের ঘটনার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। সেবার বিমানবন্দর থেকে তাঁদের আটক করে আদালতে তোলা হয়েছিল। সেই সময় এক বছরের জন্য শান্তি বিঘ্নিত না করার যে মুচলেকা তাঁরা দিয়েছিলেন, নোটিশে সেকথাই উল্লেখ করা হয়েছে।
কড়া দিল্লি পুলিশ
এদিকে, রাজধানীতে এই 'লহরা দো তেরঙ্গা' কর্মসূচির আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার। এই কর্মসূচি নিয়ে অতিরিক্ত সিপি (ট্রাফিক) ডি কে গুপ্তা জানান, "ট্রাফিক পুলিশের তরফ থেকে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। কনট প্লেস ও তার আশেপাশের এলাকায় যানজট হতে পারে। পরিস্থিতি সামলাতে আমরা রাস্তায় পর্যাপ্ত কর্মী নামিয়েছি। কোথাও কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। আমরা সোশ্যাল মিডিয়াতেও নজর রাখছি। রাস্তায় বেরোনোর আগে সাধারণ মানুষকে ট্রাফিক আপডেট দেখে নেওয়ার অনুরোধ করছি।"
এদিন সকালেই অভিজিৎ দিপকে যেখানে থাকছিলেন, সেখানে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতিতে তাঁকে একটি নোটিশ দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা ছিল, কনট প্লেস এলাকায় বিএনএস-এর ১৬৩ ধারা জারি রয়েছে। এনডিএমসি (NDMC) শনিবারের এই তেরঙ্গা যাত্রার কোনও অনুমতি দেয়নি। এরপরও যদি সিজেপি কনট প্লেসে জমায়েত করে, তবে তা আইনত অপরাধ হিসেবে ধরা হবে এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ অভিজিৎকে এও জানিয়ে দেয় যে, জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়। কিন্তু অনুমতি ছাড়া মিছিল করা বা ভিড় জমানো বেআইনি। ফ্ল্যাগ কোড বা জাতীয় পতাকা বিধি মেনে পতাকার যথাযথ সম্মান বজায় রাখার বিষয়েও তাঁকে সতর্ক করে দেওয়া হয়।








