Ebola Virus: আফ্রিকার (Africa) বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েকশো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই কারণে যাঁরা সম্প্রতি আফ্রিকায় গিয়েছিলেন বা সদ্য আফ্রিকা থেকে ফিরছেন, তাঁদের শরীরে ইবোলা ভাইরাসের সংক্রমণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের বিভিন্ন শহরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
KNOW
Ebola Virus Alert: ভারতে এখনও ইবোলা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু উগান্ডা (Uganda) থেকে দেশে ফেরা দুই ব্যক্তিকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি উগান্ডা থেকে ফেরা ২৮ বছর বয়সি এক যুবতীর শরীরে সামান্য ব্যথা হওয়ায় তাঁকে বেঙ্গালুরুর (Bengaluru) এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই যুবতী প্রথমে এক হোটেলে ছিলেন। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর নমুনা পরীক্ষা করে দেখার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (National Institute of Virology) পাঠানো হয়। সেই পরীক্ষায় দেখা যায়, ইবোলার কোনও লক্ষণ নেই। ফলে স্বস্তি ফিরেছে। কিন্তু তা সত্ত্বেও যাঁরা আফ্রিকা থেকে ফিরছেন, তাঁদের শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখা হচ্ছে।

নাগপুরেও সতর্কতা
সম্প্রতি উগান্ডা থেকে নাগপুরে (Nagpur) ফিরেছেন ৪৭ বছর বয়সি এক ব্যক্তি। তাঁকে ২১ দিনের জন্য বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ আফ্রিকা থেকে ফেরেন, তাহলে তাঁদের সবাইকেই আইসোলেশনে রাখা হতে পারে। নাগপুর পুরসভার (Nagpur Municipal Corporation) পক্ষ থেকে আইসোলেশনে থাকা ব্যক্তির শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর শরীরে ইবোলার কোনও লক্ষণ দেখা যায়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Ministry of Health and Family Welfare) পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যাঁরা সম্প্রতি আফ্রিকা থেকে দেশে ফিরেছেন, তাঁদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) যে নির্দেশিকা জারি করেছে, তা মেনে চলা হচ্ছে।
কঙ্গো, উগান্ডা ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কঙ্গো (Democratic Republic of Congo), উগান্ডা-সহ আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। এই কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে জরুরি স্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয়দের কঙ্গো, উগান্ডার মতো দেশগুলিতে আপাতত না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


