Hyderabad: সাধারণ মহিলার বেশে বেরিয়ে দেখলেন মহিলাদের জন্য হায়দরাবাদের রাস্তা ঠিক কতটা সুরক্ষিত? সেই বাস্তব চিত্র নিজে চোখে দেখতে মাঝরাতে একেবারে সাধারণ মহিলার ছদ্মবেশে বেরিয়ে পড়লেন মহিলা পুলিশ কমিশনার বি.সুমথি (B.Sumathi)
Hyderabad: সাধারণ মহিলার বেশে বেরিয়ে দেখলেন মহিলাদের জন্য হায়দরাবাদের রাস্তা ঠিক কতটা সুরক্ষিত? সেই বাস্তব চিত্র নিজে চোখে দেখতে মাঝরাতে একেবারে সাধারণ মহিলার ছদ্মবেশে বেরিয়ে পড়লেন মহিলা পুলিশ কমিশনার বি.সুমথি (B.Sumathi)। মালকাজগিরি পুলিশ কমিশনারের এই উদ্যোগ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু, নাম দেওয়া হয়েছে 'রিয়াল মিশন শক্তি'। গত পয়লা মে মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন বি.সুমথি। দায়িত্ব নেওয়ার কিছু দিনের মধ্যেই তিনি নেমে পড়েন মাঠে। গভীর রাতে সাদামাটা পোশাকে (মুফতি) একা দাঁড়ান ব্যস্ত দিলসুখনগর বাসস্ট্যান্ডে। তাঁর উদ্দেশ্য ছিল রাতের শহরে একা থাকা নারীরা কী পরিস্থিতির মুখোমুখি হন, তা সরাসরি বোঝা।
রাতের শহরে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
কিন্তু অভিজ্ঞতা ছিল উদ্বেগজনক। কিছুক্ষণের মধ্যেই একের পর এক ব্যক্তি তাঁর কাছে এসে অশালীন মন্তব্য, প্রশ্ন এবং বিরক্তিকর আচরণ করতে শুরু করে। পুলিশের দাবি, তাঁদের অনেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। আশপাশে গোপনে মোতায়েন ছিল পুলিশের দল, যারা গোটা ঘটনাপ্রবাহ নজরে রাখছিল। মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ জনকে আটক বা হেফাজতে নেওয়া হয়। অভিযোগ, তাঁরা ওই 'একলা মহিলা'কে ঘিরে অশোভন আচরণ করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টে পর্যন্ত চলে এই অভিযান, যা শহরের রাতের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
খোদ পুলিশ কমিশনারকেই উত্ত্যক্ত করে ধৃতরা
পরে পরিচয় প্রকাশ পেতেই চমকে ওঠেন ধৃতরা, যাঁকে তাঁরা উত্ত্যক্ত করছিলেন, তিনিই আসলে পুলিশ কমিশনার। তবে সঙ্গে সঙ্গেই কঠোর আইনি ব্যবস্থা না নিয়ে অনেকের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের পথ বেছে নেয় পুলিশ। জনসমক্ষে অসভ্যতা, মাদকাসক্তি এবং নারী-উৎপীড়নের বিরুদ্ধে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়। ২০০৬ ব্যাচের আইপিএস অফিসার বি.সুমথি এর আগে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মালকাজগিরি পুলিশ কমিশনারেটের প্রথম মহিলা প্রধান হিসেবেও তাঁর নাম উঠে এসেছে।
রুটিন টহল নয় রিয়্যালিটি চেক
পুলিশ সূত্রের দাবি, এটি ছিল কোনও রুটিন টহল নয়, বরং 'রিয়্যালিটি চেক'। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঢেউ উঠেছে। অনেকেই তাঁর এই পদক্ষেপকে সাহসী এবং কার্যকর নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছেন। শহরের ব্যস্ত এলাকা হায়দরাবাদ-এর মতো জায়গাতেও গভীর রাতে মহিলাদের নিরাপত্তা যে এখনও চ্যালেঞ্জের মুখে, তা ফের সামনে এনে দিল এই অভিযান। ভবিষ্যতে শহরের অন্য এলাকাতেও এমন আকস্মিক অভিযান চালানোর ভাবনা রয়েছে পুলিশের।


