Passport Fee: দীর্ঘ ১৪ বছর পর পাসপোর্টের ফি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহী-সহ বিভিন্ন দেশে প্রবাসী ভারতীয়রা তীব্র প্রতিবাদ শুরু করেছেন। তাঁদের দাবি, স্বল্প আয়ের প্রবাসীদের কথা বিবেচনা করে বর্ধিত পাসপোর্ট ফি অন্তত ৫০ শতাংশ কমাতে হবে। 

কেন্দ্রের পাসপোর্ট ফি বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। যার আঁচ ইতিমধ্যেই পড়ছে বিদেশে। বিদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা পাসপোর্ট ফি-র বিরুদ্ধে সরব হয়েছে। তাদের কথা এই অন্যায্য মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রতিবাদী প্রবাসী সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে বিদেশে বসবাসকারী ৭০% প্রবাসী ভারতীয় স্বল্প আয়ের কর্মী। তাদের সঙ্গে যা করা হচ্ছে তা নিষ্ঠুরতা ছাড়া আর কিছু নয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পাসপোর্টের মূল্যবৃদ্ধি

দীর্ঘ ১৪ বছর পর পাসপোর্ট তৈরির খরচ বাড়াল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পাসপোর্ট পরিষেবার নতুন ফি কার্যকর হবে। অর্থাৎ ১ জুলাই বা তার পরে যাঁরা পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাঁদের পকেট থেকে বেরোবে আগের চেয়ে অনেকটাই বেশি টাকা। পাসপোর্ট (সংশোধনী) আইন ২০২৬-এর অধীনে এই নতুন ফি কাঠামো ঘোষণা করা হয়েছে এবং ২০ জুন সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

এর আগে সর্বশেষ ২০১২ সালে পাসপোর্ট ফি বাড়ানো হয়েছিল। সেবার ৩৬ পাতার পাসপোর্টের খরচ ১,০০০ থেকে বেড়ে ১,৫০০ টাকা হয়েছিল। এ বার সেটা একলাফে হচ্ছে ২,৫০০ টাকা। শুধু নতুন পাসপোর্ট নয়, রিইস্যু, তৎকাল এবং হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পাসপোর্টের ক্ষেত্রেও একই ভাবে বেড়েছে ফি।

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সিদের ৩৬ পাতার নতুন পাসপোর্ট তৈরি বা রিইস্যু করতে এখন থেকে দিতে হবে ২,৫০০ টাকা, যেখানে আগে লাগত মাত্র ১,৫০০ টাকা। তৎকাল পরিষেবায় সেই পাসপোর্ট পেতে গেলে গুনতে হবে ৫,০০০ টাকা, আগে যা ছিল ৩,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে নতুন ফি ৩,৫০০ টাকা এবং তৎকালে ৬,০০০ টাকা, যেখানে আগে লাগত যথাক্রমে ২,০০০ এবং ৪,০০০ টাকা।

পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে খরচের বোঝা আরও ভারী। সেই ক্ষেত্রে ৩৬ পাতার নতুন পাসপোর্টের জন্য দিতে হবে ৫,০০০ টাকা। তৎকালে সেই পরিষেবা নিতে চাইলে খরচ দাঁড়াবে ৭,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন পাসপোর্টের জন্য লাগবে ৬,০০০ টাকা এবং তৎকালে ৮,৫০০ টাকা।

অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের কমবয়সিদের জন্যও নতুন ফি নির্ধারিত হয়েছে। তাদের ৩৬ পাতার পাসপোর্ট বানাতে দিতে হবে ১,৭৫০ টাকা। তৎকাল পরিষেবায় সেটা পেতে খরচ পড়বে ৪,২৫০ টাকা। অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন পাসপোর্টের জন্য ৪,২৫০ টাকা এবং তৎকালে ৬,৭৫০ টাকা গুনতে হবে।

বিদেশে প্রতিবাদ

সংযুক্ত আরব আমিরশাহীর কেএমসিসি বলেছে, যে পাসপোর্ট পরিষেবা ফি যে ভাবে বাড়ান হয়েছে তা অন্যায্য। প্রবাসীদের প্রতি অবজ্ঞা করা হয়েছএ। প্রবাসী সংগঠনগুলির পক্ষ থেকে বিদেশ মন্ত্রককে চিঠি লিখে বিষয়টি জানানো হবে বলেও জানিয়েছে সংগঠন। শারজায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি নিশার তালানকারা এই সিদ্ধান্তের দ্রুত পর্যালোচনার দাবি জানিয়েছেন।

শারজার সংগঠনটি ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকে একটি স্মারক লিপি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে উপার্জন অনুযায়ী প্রবাসী ভারতীয়দের পাসপোর্ট ফি করা হলে স্বল্প আয়ের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। বাকি সংগঠনগুলি বর্ধিত পাসপোর্ট ফি-র ৫০% হ্রাসের দাবি জানিয়েছে।