Iran On Hormuz Strait: 'শত্রুদের জন্য বন্ধ', হরমুজ প্রণালী নিয়ে সাফ কথা জানিয়ে দিল ইরান। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি জানিয়েছেন, হরমুজ প্রণালী শুধু তাঁদের শত্রুদের জন্যই বন্ধ। তাঁর মতে, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধ শুরু করেছে এবং তারা হামলা থামালেই সংঘাত মিটে যাবে। 

হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ডঃ আব্দুল মজিদ হাকিম ইলাহি রবিবার জানিয়েছেন, এই জলপথ শুধুমাত্র তাঁদের 'শত্রুদের' জন্য বন্ধ করা হয়েছে। ভারত-সহ অন্যান্য দেশগুলির জাহাজ চলাচলে কোনও বাধা নেই। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মূল কারণ হল ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ।

হরমুজ দিয়ে যাতায়াত করবে ভারতের জাহাজ

ইতিমধ্যেই কিছু ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। যুদ্ধ কবে শেষ হবে, এই প্রশ্নের উত্তরে আব্দুল মজিদ বলেন, "যারা এই যুদ্ধ শুরু করেছে, তাদের উপরেই সবটা নির্ভর করছে"। তিনি বলেন, "ওরা হামলা শুরু করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছে। ওরা যদি এটা বন্ধ করে, তাহলে যুদ্ধও থেমে যাবে"।

ইসলামাবাদ মধ্যস্থতাকারী নয়: ইরান

আমেরিকা-ইরান শান্তি আলোচনায় ভারত কোনও ভূমিকা নিতে পারে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, "এই যুদ্ধ থামাতে সব দেশই ভালো ভূমিকা নিতে পারে"। পশ্চিম এশিয়ার এই সংঘাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইসলামাবাদকে দিয়ে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনার খবরটি 'সত্যি নয়'। তাঁর মতে, আমেরিকা শুধু তেলের দাম বাড়া আটকাতে চেয়েছিল।

তিনি যোগ করেন, "এই যুদ্ধে ওদের (পাকিস্তানের) কোনও ভূমিকা নেই। পাকিস্তানের মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার খবরটা সত্যি নয়, কারণ ওরা (আমেরিকা) শুধু তেলের দাম বাড়া আটকাতে চেয়েছিল... ওরা কিছু দেশকে ব্যবহার করতে চেয়েছিল মাত্র"।

ভারত প্রসঙ্গে ইরান

ভারতীয় জাহাজের যাতায়াত নিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি বলেন, "হ্যাঁ। এখনও পর্যন্ত কিছু ভারতীয় জাহাজ যাতায়াত করেছে এবং আমি আশা করি তা চলবে"। তিনি আরও বলেন, "এই যুদ্ধের আগে কোনও সমস্যা ছিল না... এর মানে হল, সব সংকট ও সংঘাতের উৎস এই যুদ্ধ... সমস্যাটা ইরান অনুমতি দেবে কি না, তা নয়। এটা একটা নিরাপত্তার বিষয়... যে শত্রু দেশগুলো এই প্রণালী ব্যবহার করে ইরানের উপর হামলা চালাচ্ছে, তাদের অনুমতি নেই। কিন্তু বাকি দেশগুলো যাতায়াত করতে পারে"।

আব্দুল মজিদ হাকিম ইলাহি জানান, তিনি "পাটনার কিছু ভাইদের" আমন্ত্রণে এই শহরে এসেছেন। ইরানের প্রতি "সংহতি, সহানুভূতি এবং সমবেদনা" জানানোর জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানাতে এসেছিলেন।

ইরানের যুদ্ধ

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় এই সংঘাত শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। ওই দিন আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায়, যাতে ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যু হয়।

এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে ইজরায়েল ও আমেরিকার সম্পত্তিতে হামলা চালায়। এর ফলে জলপথে যাতায়াত ব্যাহত হয় এবং আন্তর্জাতিক জ্বালানির বাজার ও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়।