Nitin Gadkari:ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনার পারদ চড়ালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি। যে গড়কড়ি ২০১৪ সাল থেকে মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন। এ বার তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে বলে মনে করেন তিনি।
Nitin Gadkari:জেন জি আন্দোলনের প্রভাবে কিছুটা কোণঠাসা যাওয়া নরেন্দ্র মোদী সরকারে কি এবার বড় কোনও পরিবর্তন হতে চলেছে? কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে জাতীয় রাজনীতিতে যখন জোর জল্পনা চলছে, ঠিক তখনই এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনার পারদ চড়ালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়কড়ি। যে গড়কড়ি ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন। নাগপুরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও কাজের পরিধি নিয়ে মুখ খোলেন ৬৯ বছরের বিজেপি নেতা-মন্ত্রী। গড়করি স্পষ্ট জানিয়ে দেন, বয়স ও কাজের চাপের কারণে আগের মতো আর অক্লান্ত পরিশ্রম করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই এ বার তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে বলে মনে করেন তিনি।
‘রাজনীতি ও প্রশাসনে নতুন শক্তির প্রয়োজন’
নাগপুরের ওই অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে গড়কড়ী স্বীকার করেন যে, সাম্প্রতিক সময়ে জনসেবামূলক কাজে তাঁর সরাসরি অংশগ্রহণ কিছুটা কমেছে। আগের মতো সেই গতি এবং তীব্রতা নিয়ে এখন আর কাজ করা সম্ভব হয়ে উঠছে না। বর্ষীয়ান এই নেতার মতে, রাজনীতি ও প্রশাসনে নতুন শক্তির প্রয়োজন রয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের নতুন সুযোগ দেওয়া উচিত, যাতে তারা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
গড়করির সরে দাঁড়ানো নিয়ে জল্পনা
গড়কড়ীর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন মোদী সরকারের মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর চর্চা চলছে লুটিয়েন্স দিল্লিতে। কে বাদ পড়বেন আর নতুন কার অন্তর্ভুক্তি ঘটবে, তা নিয়ে নানা হিসেবনিকেশ চলছে। সেই আবহেই গড়কড়ির মতো এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর 'দায়িত্ব হস্তান্তর'-এর বার্তা রাজনৈতিক মহলকে নতুন ভাবনায় ফেলেছে। দেশে পরিকাঠামো উন্নয়নের অন্যতম কান্ডারি হিসেবে দীর্ঘ সময় সফলভাবে দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর এই বক্তব্যকে তাই রাজনীতি থেকে ধীরে ধীরে নিষ্ক্রান্তি বা পরবর্তী প্রজন্মকে পথ ছেড়ে দেওয়ার স্পষ্ট বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


