প্রিয়াঙ্কা গান্ধী আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করলেও, বাস্তবে কম্পিউটার আর্কিটেকচার ও সাইবার সিকিউরিটিতে ১৫০-রও বেশি গবেষণাপত্র ও একাধিক জাতীয় সম্মানের অধিকারী তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী তীব্র কটাক্ষ করে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঠিত পরীক্ষা সংস্কার সংক্রান্ত টাস্কফোর্সে ভি কামাকোটির অন্তর্ভুক্তি নিয়েই মূলত এই বিতর্কের সূত্রপাত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্সে কামাকোটির নাম ঘোষণার পরই কংগ্রেস নেত্রী এই মন্তব্য করেন।
ভি কামাকোটির শিক্ষাগত যোগ্যতা
কিন্তু, কংগ্রেস নেত্রীর এই কটাক্ষের সঙ্গে বাস্তব যোগ্যতার বিস্তর ফারাক রয়েছে বলেই মনে করছেন অনেকে। আসুন দেখে নেওয়া যাক আসলে কে এই ভি কামাকোটি এবং তাঁর প্রকৃত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা কী। আইআইটি মাদ্রাজ থেকেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএস এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অধ্যাপক ভি কামাকোটি। ২০০১ সালে আইআইটি মাদ্রাজের শিক্ষক হিসেবে যোগ দেন তিনি এবং ২০২২ সালের জানুয়ারি মাস থেকে প্রতিষ্ঠানের ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন।
ভি কামাকোটির দক্ষতা
কম্পিউটার আর্কিটেকচার, ইনফরমেশন সিকিউরিটি এবং ভিএলএসআই ডিজাইনে বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। আইআইটি মাদ্রাজে মাইক্রোপ্রসেসর ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ইনফরমেশন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের নেতৃত্বেও রয়েছেন তিনি। এছাড়াও, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের গঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাস্কফোর্সেরও চেয়ারম্যান ছিলেন কামাকোটি। আইআইটি মাদ্রাজে জেইই-র চেয়ারম্যান এবং ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি অ্যান্ড স্পনসর্ড রিসার্চের অ্যাসোসিয়েট ডিন হিসেবেও কাজ করেছেন তিনি।
আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে তাঁর ১৫০-রও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বহু গবেষকের পিএইচডি এবং এমএস (বাই রিসার্চ) প্রোগ্রামে তত্ত্বাবধায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। শিল্পক্ষেত্র ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৫০টি প্রকল্প সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার টেকনোলজি কমিটিতেও তিনি কাজ করেন।
ডিআরডিও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের টেকনো ভিশনারি অ্যাওয়ার্ড, ‘আব্দুল কালাম টেকনোলজি ইনোভেশন ন্যাশনাল ফেলোশিপ’, এসিসিএস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আইবিএম ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড এবং ভাসভিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যাওয়ার্ডের মতো একাধিক সম্মানজনক পুরস্কারও পেয়েছেন ডক্টর কামাকোটি। এত বিশাল অভিজ্ঞতা ও কৃতিত্বের অধিকারী একজন প্রথিতযশা প্রযুক্তিবিদকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্য ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক তরজা।


