বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের আবহেই ফের এক ফ্রেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা।

বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের আবহেই ফের এক ফ্রেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা। এই হাই-প্রোফাইল বৈঠকেই প্রধানমন্ত্রী মোদীকে ২৪তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান পুতিন। রুশ প্রেসিডেন্টের সেই আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রক (MEA) ইতিমধ্যেই যৌথ আলোচনার এই বড় আপডেট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

চলতি বছরে মোদী এবং পুতিনের এটি দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গত ৩১ আগস্ট বিস্কেকে ২৬তম এসসিও (SCO) সম্মেলনের সাইডলাইনেই বৈঠক হয়েছিল তাঁদের। শুক্রবার দিল্লির এই বৈঠকে রাজনীতি, প্রতিরক্ষা, অর্থনীতি, শক্তি ক্ষেত্র এবং মহাকাশ গবেষণার মতো একাধিক কৌশলগত বিষয়ে দুই দেশের প্রগতির পর্যালোচনা করেন দুই রাষ্ট্রনেতা। পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে দক্ষতা আদান-প্রদান এবং সাধারণ মানুষের মেলবন্ধন আরও মজবুত করার ওপর জোর দেওয়া হয়।

বাণিজ্য ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা

ভারতে আয়োজিত রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ‘ইনোপ্রোম ইন্ডিয়া’র (INNOPROM India) ভূয়সী প্রশংসা করেন দুই রাষ্ট্রপ্রধান।আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর আয়োজিত এই মেগা প্রদর্শনী দুই দেশের বাণিজ্য ও শিল্প সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

তবে শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যই নয়, বিশ্ব রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতির উত্তাপও ধরা পড়ে দুই রাষ্ট্রনেতার আলোচনায়। পশ্চিম এশিয়ার সংঘাত এবং কৃষ্ণসাগর অঞ্চলের বর্তমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মোদী ও পুতিন। বিশেষ করে সমুদ্রপথে পণ্য পরিবহন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপিত হয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদী ফের তাঁর স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, যে কোনো আন্তর্জাতিক বিরোধের স্থায়ী সমাধান কেবল কূটনৈতিক আলোচনা ও শান্তির পথেই সম্ভব। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভারত সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।

মজবুত কৌশলগত অংশীদারিত্ব

২০২৬ সালে ভারতের সভাপতিত্বে আয়োজিত ব্রিকস সম্মেলনের সাফল্য এবং বহুপাক্ষিক মঞ্চে দুই দেশের যৌথ ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই রাষ্ট্রনেতা। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারত ও রাশিয়ার ‘বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ যে কতটা মজবুত, এই আলোচনা তা ফের প্রমাণ করল।

ভারত ও রাশিয়ায় এই বার্ষিক শীর্ষ সম্মেলন

উল্লেখ্য, দুই দেশের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক কূটনীতির অঙ্গ হিসেবে প্রতি বছর পর্যায়ক্রমে ভারত ও রাশিয়ায় এই বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজিত হয়। এর আগে ২৩তম সম্মেলনটি ২০২৫ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কূটনৈতিক স্তর থেকে জানানো হয়েছে, দুই দেশের সুবিধাজনক সময় দেখে অতি শীঘ্রই আগামী ২৪তম সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।