Rahul Gandhi FIR: নির্বাচন কমিশনের দিকে যাওয়ার সময় আকাশবাণী ভবনে জোর করে ঢোকার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ইন্ডিয়া জোট কেন্দ্রকে 'স্বৈরাচারী' বলছে, আর বিজেপির দাবি রাহুল 'নৈরাজ্য' ছড়াচ্ছেন।
Rahul Gandhi FIR: দিল্লি পুলিশ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগ, নির্বাচন কমিশনের (ECI) সদর দফতরের দিকে বিরোধী জোটের প্রতিবাদ মিছিল যাওয়ার সময় তিনি জোর করে আকাশবাণী ভবনে ঢুকে পড়েন। আর এই ঘটনা ঘিরেই এখন শাসক দল বিজেপি এবং বিরোধী ইন্ডিয়া (INDIA) জোটের মধ্যে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী নেতারা রাহুলের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে 'স্বৈরাচারী' বলে তোপ দেগেছেন। অন্যদিকে, বিজেপিও পাল্টা আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ, কংগ্রেস নেতা দেশে 'নৈরাজ্য' সৃষ্টির চেষ্টা করছেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বদনাম করছেন।
রাহুলের পাশে ইন্ডিয়া জোট, কেন্দ্রকে 'স্বৈরাচারী' তোপ
কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, রাহুলের সঙ্গে অন্য সাংসদরাও ছিলেন এবং তিনি কোনও আইন ভাঙেননি। সংবাদসংস্থা এএনআই-কে মাসুদ বলেন, "রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তাঁর সঙ্গে অন্য সাংসদরাও ছিলেন। তিনি কোথাও জোর করে ঢোকেননি... আমরা শেষ পর্যন্ত লড়াই করব। একটা এফআইআর হয়েছে বলে আমরা পিছিয়ে যাব না।"
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেতা মনোজ পাণ্ডেও রাহুলের সমর্থনে সুর চড়িয়েছেন। তাঁর দাবি, জনস্বার্থের ইস্যুতে বিরোধীদের একজোট হওয়া দেখে ভয় পেয়েছে কেন্দ্রীয় সরকার। পাণ্ডে বলেন, "একটা স্বৈরাচারী সরকারের থেকে আপনি আর কী আশা করতে পারেন? ...আজ স্বৈরাচারী লোকেরাই ক্ষমতায় বসে আছে। বিরোধী দলনেতা এমন একজন মানুষ, যিনি মানুষের জন্য রাস্তায় নামেন। তাঁর লড়াই করার ক্ষমতা ও সাহস দুটোই আছে।" জেএমএম নেতার আরও সংযোজন, "আজ কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে। এখন যা যা ঘটছে, তা চরম পর্যায়ে পৌঁছেছে। আর চরম কিছুর পতন নিশ্চিত।"
রাহুল 'নৈরাজ্য' ছড়াচ্ছেন, পাল্টা তোপ বিজেপির
বিজেপিও অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাদের পাল্টা অভিযোগ, দেশের উন্নয়নের পথে অকারণে বাধা সৃষ্টি করছে কংগ্রেস নেতৃত্ব। বিরোধীদের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি এমএলসি পরিণায়ে ফুকে। তিনি বলেন, "দেশকে বদনাম করতেই রাহুল গান্ধী এই সব প্রতিবাদ করছেন। তাঁর তোলা ইস্যুগুলোর মধ্যে আমি কোনও সারবত্তা দেখতে পাচ্ছি না। ভারত যখন দ্রুত উন্নতি করছে, নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে, শিল্পায়ন বাড়ছে এবং প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে, তখন এই ধরনের কাজ দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে বলেই আমি মনে করি..."
বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশবন আবার রাহুল গান্ধীকে 'খেলা পণ্ডকারী' বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, রাহুল ইচ্ছে করেই স্বাধীন সাংবিধানিক সংস্থাগুলোকে নিশানা করছেন। কেশবন বলেন, "...রাহুল গান্ধী সেই সব অস্থির খেলোয়াড়দের মতো, যারা হারতে বসলে খেলার বোর্ডটাই উল্টে দেয়। রাহুল এখন গণতন্ত্র ধ্বংসকারীতে পরিণত হয়েছেন। তিনি নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়াচ্ছেন, কারণ তিনি ব্যর্থ এবং গণতান্ত্রিকভাবে ভোটে জিততে পারছেন না।" বিজেপি মুখপাত্র আরও বলেন, "রাহুল গান্ধী সন্দেহজনক নাটক করছেন। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কালিমালিপ্ত করে তিনি নিজেকে ভুক্তভোগী সাজানোর চেষ্টা করছেন... একজন দায়িত্বশীল বিরোধী দলনেতার মতো আচরণ না করে, রাহুল এমন সব কাজ করছেন যা দেশবিরোধী শক্তি বা উপাদানের সঙ্গে তুলনীয়..."
ইন্ডিয়া জোটের নেতারা সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচন পরিচালনার নানা ইস্যু তুলে নির্বাচন কমিশনের অফিসের দিকে এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। আর সেই মিছিল ঘিরেই শেষ পর্যন্ত রাস্তায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি বাধে। (এএনআই)


