বদনগর থেকে বারাণসী, ৩৫,৫০০ কিলোমিটার জুড়ে সেবা যাত্রা। ২০টি দল ছড়িয়ে দিচ্ছে সেবা, সম্পর্ক ও সামাজিক কল্যাণের বার্তা তৃণমূল স্তর পর্যন্ত। জানুন বিস্তারিত।
একটি অভিনব এবং নজিরবিহীন যাত্রা শুরু হয়েছে, যা পুরোপুরি সেবাকে কেন্দ্র করে তৈরি। ২০টি দল মিলিয়ে মোট ৩৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই যাত্রায়, আর সকলের অভিন্ন সংকল্প একটাই-- সেবা।
১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই যাত্রা। দলগুলি বদনগর থেকে বারাণসী এবং বারাণসী থেকে বদনগর-- দুই পথেই যাত্রা করবে। এটি নিছক একটি মোটরসাইকেল যাত্রা নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু নিয়ে তাঁরা পথে নেমেছেন।
শহর, জেলা, তালুক ও গ্রাম-- সবখানে পৌঁছে দিচ্ছেন সেবার এই বার্তা, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত। সেবা যাত্রীরা শুধু পথ অতিক্রম করছেন না, তাঁরা থামছেন, মানুষের সঙ্গে মিশছেন এবং স্থানীয় প্রয়োজন অনুযায়ী নানা সেবামূলক কাজে অংশ নিচ্ছেন-- পুকুর, মন্দির, স্কুল, পার্ক, হাসপাতাল-সহ বিভিন্ন সরকারি জায়গায় সাফাই অভিযান থেকে শুরু করে সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতা, যুব সংলাপ, গ্রাম সভা সংবাদ এবং গো সেবা, এমনকি 'এক পেড় মা কে নাম' কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ পর্যন্ত।
পিএম শ্রী স্কুলগুলিতে যাত্রীরা ক্যাম্পাস পরিষ্কার করছেন, পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন এবং বই ও স্টেশনারি বিতরণ করছেন। হাসপাতাল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমগুলিতে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সবচেয়ে বেশি প্রয়োজন যাঁদের, তাঁদের দিকে। বিধবাদের কিট বিতরণ করা হচ্ছে, আশা কর্মীদের সম্মান জানানো হচ্ছে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে একজোট হচ্ছেন সাধারণ মানুষ।
এই যাত্রা একই সঙ্গে সম্পর্ক ও সংলাপেরও একটি মাধ্যম। যুব সংবাদ, গ্রাম সভার আলাপচারিতা, মহিলা সংবাদ এবং সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি কথোপকথনের মধ্য দিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে, বোঝার চেষ্টা হচ্ছে তাঁদের আকাঙ্ক্ষা এবং তৃণমূল স্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অঙ্গদানের অঙ্গীকার মানুষের মধ্যে দানের মানসিকতা তৈরি করছে, আবার শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে মানুষকে জাতির ইতিহাস ও তার বীরদের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
এককথায়, এই যাত্রা সেবা, সম্পর্ক, যুব অংশগ্রহণ, সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক সংযোগ এবং জনসম্পৃক্ততার একাধিক দিককে একসূত্রে বেঁধে এক গ্রামীণ প্রান্ত থেকে আরেক প্রান্তে বয়ে নিয়ে যাচ্ছে।


