SpiceJet Plane Hits Akasa Aircraft দেশের রাজধানী দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) চাঞ্চল্যকর ঘটনা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। তবে কোনও যাত্রী আহত হননি।
SpiceJet Plane Hits Akasa Aircraft at Delhi Airport: দেশের রাজধানী দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) চাঞ্চল্যকর ঘটনা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। দুর্ঘটনায় খসে পড়ল স্পাইসজেট বিমানের উইং বা ডানা। বৃহস্পতিবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পার্ক করার সময় একটি স্পাইসজেটের বিমান একটি আকাশা এয়ারের বিমানের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় দুই বিমানেরই কিছুটা ক্ষতি হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশ স্পাইসজেটের ধাক্কায় ক্ষতিগ্রস্ত আকাশা। লেহ থেকে আসা স্পাইসজেট (SpiceJet)-এর একটি বোয়িং ৭৩৭-৭০০ (ফ্লাইট SG-124) পার্কিং বেয়ের দিকে যাচ্ছিল। সেই সময়ই হায়দরাবাদগামী আকাশা এয়ার (Akasa Air)-এর একটি বোয়িং ৭৩৭ বিমান, যা রানওয়ের উদ্দেশে পুশব্যাক করা হয়েছিল, সেটির সঙ্গে ধাক্কা লাগে। স্পাইসজেটের বিমানের ডানদিকের উইংলেট গিয়ে আকাশার বিমানের লেজের অংশে (হরাইজন্টাল স্ট্যাবিলাইজার) আঘাত করে।
কতটা ক্ষতি, কী কারণে দুর্ঘটনা
সংঘর্ষে স্পাইসজেটের বিমানের উইংলেট ভেঙে যায় এবং তার একটি অংশ আকাশার বিমানে আটকে যায়। যদিও স্বস্তির খবর, এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি। দুই বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে অন্য বিমানে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরই দুটি বিমানকেই আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্যাক্সি করার সময় কোনও সমন্বয় বা অনুমতির ভুল থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দেখুন দুর্ঘটনার ভিডিও
কী বলল স্পাইসজেট
স্পাইসজেটের এক মুখপাত্র জানান, ১৬ এপ্রিল দিল্লি বিমানবন্দরে ট্যাক্সি করার সময় তাদের B737-700 বিমান একটি গ্রাউন্ড-সংক্রান্ত ঘটনায় জড়িয়ে পড়ে। এতে বিমানের ডানদিকের উইংলেট এবং অন্য একটি বিমানের বাম দিকের হরাইজন্টাল স্ট্যাবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, আকাশা এয়ারের বিমানটিকেও যান্ত্রিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সুরক্ষা নিয়ে প্রশ্ন
দেশের অন্যতম সুরক্ষিত এবং ব্যস্ত বিমানবন্দরে কীভাবে দুটি বিমানের মধ্যে এই ধরনের সংঘর্ষ ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) বা গ্রাউন্ড স্টাফদের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সেফটি নিয়ে এই ঘটনা বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।


