কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত একটি ফৌজদারি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে জারি করা সমন বা তলব করার আদেশ বাতিল করে বুধবার সুপ্রিম কোর্ট মামলাটি বন্ধ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ সিবিআই-এর দাখিল করা 'ক্লোজার রিপোর্ট' গ্রহণ করেছে।

কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত একটি ফৌজদারি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে জারি করা সমন বা তলব করার আদেশ বাতিল করে বুধবার সুপ্রিম কোর্ট মামলাটি বন্ধ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ সিবিআই-এর দাখিল করা 'ক্লোজার রিপোর্ট' গ্রহণ করেছে, যা প্রাক্তন প্রধানমন্ত্রী ও অন্যদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি এখন ইউপিএ (UPA) সরকারের আমলের অন্যতম আলোচিত ফৌজদারি মামলা থেকে আনুষ্ঠানিকভাবে দায়মুক্ত হলেন।

শীর্ষ আদালত জানিয়েছে যে সিবিআই-এর ক্লোজার রিপোর্ট খারিজ করার বা তাঁর বিরুদ্ধে মামলা আমলে নেওয়ার মতো কোনও জোরাল কারণ ছিল না। আদালত বলেছে, "সংশ্লিষ্ট পক্ষের প্রবীণ আইনজীবীদের দক্ষ সহায়তায় আমরা সিবিআই-এর দাখিল করা উভয় ক্লোজার রিপোর্টই পর্যালোচনা করেছি। তদন্তকারী সংস্থার দাখিল করা তদন্ত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে এই আদালত ধারাবাহিকভাবে যে মানদণ্ড নির্ধারণ করে এসেছে, তা বিবেচনা করে আমরা নিশ্চিত যে সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্ট বাতিল করার বা মামলা আমলে নেওয়ার মতো কোনও জোরাল কারণ ছিল না।"

আদালত আরও বলে, "এর ফলে, আমরা আপিল মঞ্জুর করছি এবং ১১ মার্চ ২০১৫-র সেই বিতর্কিত রায় ও আপিলকারীকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তলব করার আদেশ বাতিল করছি।"

২০০৫ সালে ওড়িশার তালাবিরা-২ কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত একটি কয়লা কেলেঙ্কারির মামলায় বিশেষ আদালত মহমোহন সিং, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, প্রাক্তন কয়লা সচিব পিসি পারখ এবং আরও তিনজনকে অভিযুক্ত হিসেবে তলব করেছিল। তবে সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে এবং সেই নির্দেশ স্থগিত করে দেয়। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যে বাধ্যতামূলক অনুমোদনের (স্যাংশন) প্রয়োজন হয় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মনমোহন সিং এবং কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্তে কোনও অপরাধমূলক কাজ থাকার বিষয়টি অস্বীকার করেছিলেন।