গুজরাটের মোরবি জেলার ভিরপারদা গ্রামে একটি কুয়োর জল অদ্ভুতভাবে দুলতে শুরু করেছে। একটি বেসরকারি চাষের জমিতে থাকা এই কুয়োর জলের এমন আচরণে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

গুজরাটের মোরবিতে এক অদ্ভুত ঘটনা। একটা কুয়োর জল নিজে থেকেই এদিক-ওদিক দুলছে, যা দেখে স্থানীয়দের মধ্যে হুলস্থুল পড়ে গিয়েছে। মোরবি জেলার ভিরপারদা গ্রামের এই ঘটনা দেখতে এখন কাতারে কাতারে লোক ভিড় জমাচ্ছেন। তবে এই ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট নয়।

প্রাণজীবন সাদরি নামের এক ব্যক্তির চাষের জমিতে এই কুয়োটি রয়েছে। ১৮ ফুট গভীর এই কুয়োর জলই অদ্ভুতভাবে দু'দিকে দুলছে। জানা গিয়েছে, এই ঘটনা প্রথম শুরু হয় ২ আগস্ট। মাঝে একবার থেমে গেলেও বৃহস্পতিবার বিকেল ৩টে থেকে আবার জল দুলতে শুরু করে, যা গ্রামবাসীদের নজরে আসে।

জমির মালিক জানিয়েছেন, তিন মাস আগেই কুয়োটি খোঁড়া হয়েছে। অবাক করার মতো বিষয় হল, আশেপাশের অন্য কোনও কুয়োর জলে কিন্তু কোনও নড়াচড়া নেই। এই অদ্ভুত দৃশ্য দেখতে আর তার ভিডিও করতে আশপাশের গ্রাম থেকেও শয়ে শয়ে লোক আসছেন। এমনকী, কাছের হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ও অনেকে গাড়ি থামিয়ে কুয়োটি দেখতে আসছেন।

Scroll to load tweet…

এলাকায় আগে ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, এটাও হয়তো তারই কোনও সঙ্কেত। তবে জেলা আধিকারিকরা জানিয়েছেন, এর সঙ্গে ভূমিকম্পের কোনও সম্পর্ক নেই। এটা একটা স্বাভাবিক ভৌগোলিক কারণে হতে পারে।

জেলা ভূতত্ত্ববিদ জে. এস. ভাদ্ধের বলেছেন, "এটা কোনও ভূমিকম্পের পূর্বাভাস নয়।" তাঁর মতে, প্রবল বৃষ্টির পর জল যখন মাটির নীচে প্রবেশ করে, তখন পাথরের খাঁজে আটকে থাকা বাতাস বাইরে বেরিয়ে আসে। সেই কারণেই কুয়োর জলে এই ধরনের আলোড়ন তৈরি হচ্ছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের আতঙ্ক দূর করতে প্রশাসন গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ-এর সঙ্গেও যোগাযোগ করেছে। জেলাশাসক জানিয়েছেন, বিশেষজ্ঞদের একটি দল এসে জায়গাটি ভালোভাবে খতিয়ে দেখবে।