Uttar Pradesh: ব্যাঙ্কে হঠাৎ অপ্রত্যাশিতভাবে প্রচুর টাকা চলে এলে বেশিরভাগ মানুষই কী করবেন ভেবে উঠতে পারেন না। কেউ ভয় পেয়ে যান, কেউ আবার সেই টাকা কীভাবে খরচ করবেন সেই পরিকল্পনা শুরু করে দেন। তবে উত্তরপ্রদেশের মইনপুরী জেলার (Mainpuri district) এক মহিলা মাথা ঠান্ডা রেখে উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। ফলে তাঁর সমস্যা হয়নি।
KNOW
Bank Account Balance: ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানার জন্য এটিএম-এ (ATM) গিয়েছিলেন। খুব বেশি টাকা থাকার কথা ছিল না। কিন্তু এটিএম-এ ব্যালেন্স চেক করার পর নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মইনপুরী জেলার (Mainpuri district) বাসিন্দা এই মহিলা। তিনি দেখতে পান, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ৯.৯৯.৪৯.৫৮৬ টাকা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Bank of India) তাঁর অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টেই প্রায় ১০ কোটি টাকা কীভাবে জমা পড়ল, তা ভেবে পাচ্ছেন না এই মহিলা। তাঁর পরিবারের সদস্যরাও চিন্তায় পড়ে গিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ, কেউ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা জানাননি। এই মহিলাও চেক বা নগদ জমা করেননি। ফলে কোথা থেকে এত টাকা এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। অনেকেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সমালোচনা করছেন।
সততার পরিচয় সীতার
সীতা নামে এই মহিলা বলেছেন, 'কীভাবে এই টাকা এল আমরা জানি না। যাঁরই এই টাকা হোক না কেন, তাঁর টাকা ফেরত নেওয়া উচিত।' সীতার ছেলে অরুণ কুমার জানিয়েছেন, 'আমি এটিএম-এ পিন জেনারেট করতে গিয়েছিলাম। তারপর ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি, বিশাল অঙ্কের টাকা এসেছে। প্রায় নয় কোটি টাকা আছে। কার টাকা আমরা জানি না।' সীতার স্বামী ফরজান বলেছেন, ‘ব্যাঙ্ক খুললেই আমরা যাব এবং টাকা ফেরত দেব।’
কী বলছে ব্যাঙ্ক?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুলতানগঞ্জ শাখার আধিকারিকরা দাবি করেছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। এই শাখার ম্যানেজার বলেছেন, সংশ্লিষ্ট মহিলার নামে লোন অ্যাকাউন্ট ছিল। তিনি আগে ব্যাঙ্কে এলে দ্রুত সমস্যা মিটে যেত বলেও দাবি করেছেন ম্যানেজার। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেনি। এই কারণেই অনেকে ব্যাঙ্কের সমালোচনা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


