আমেরিকা ও ইজরায়েলের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের সামরিক পরিকাঠামোর। কিন্তু তাতেও পুরোপুরি থামানো যায়নি তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন। পশ্চিমি গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়ন অনুযায়ী, এখনও প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান। শুধু তাই নয়, দেশটির হাতে এখনও অন্তত ১,৭০০টি ব্যালিস্টিক মিসাইল মজুত রয়েছে বলে অনুমান।
আমেরিকা ও ইজরায়েলের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের সামরিক পরিকাঠামোর। কিন্তু তাতেও পুরোপুরি থামানো যায়নি তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন। পশ্চিমি গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়ন অনুযায়ী, এখনও প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান। শুধু তাই নয়, দেশটির হাতে এখনও অন্তত ১,৭০০টি ব্যালিস্টিক মিসাইল মজুত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই তথ্য সামনে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকার প্রতিরক্ষা মহলে।
যুদ্ধের পরেও কীভাবে মিসাইল তৈরি করছে ইরান?
পশ্চিমি গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ইরানের যে পরিমাণ ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষমতা ছিল, বর্তমানে তার প্রায় অর্ধেক উৎপাদন ক্ষমতা অবশিষ্ট রয়েছে। অর্থাৎ, ব্যাপক হামলার পরেও প্রতি মাসে প্রায় ৫০টি মিসাইল তৈরি করতে সক্ষম তেহরান। বিশেষজ্ঞদের মতে, ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও উপাদানের মজুত থাকায় বড় কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হলেও অস্ত্র জোড়া লাগানোর কাজ চালিয়ে যেতে পারছে ইরান। ফলে উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েনি।
ইরানের হাতে এখনও ১,৭০০টি মিসাইল?
পশ্চিমি গোয়েন্দা সূত্রের অনুমান, ইরানের হাতে এখনও অন্তত ১,৭০০টি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। যুদ্ধের আগে ইজরায়েলের অনুমান ছিল, ইরানের কাছে প্রায় ২,৫০০টি ব্যালিস্টিক মিসাইল ছিল। অর্থাৎ, লাগাতার সামরিক হামলা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরেও ইরানের হাতে উল্লেখযোগ্য অস্ত্রভাণ্ডার রয়েছে বলে মনে করছেন গোয়েন্দা বিশ্লেষকরা। তবে এই সংখ্যাগুলি স্বাধীনভাবে যাচাই করা সরকারি হিসাব নয়।
নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি প্রকাশ্যে আনল ইরান
এদিকে, মঙ্গলবার নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল সিটির ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের মাধ্যমে সেই ভিডিও সামনে এসেছে। ইরানের সেনা আধিকারিক জেনারেল আলি আবদুল্লাহি সেখানে সেনাকর্মীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতের যুদ্ধে একের পর এক চমক অপেক্ষা করছে। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ এই পরিকাঠামো বিমান হামলা থেকে ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ও উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে সাহায্য করতে পারে।
আমেরিকার দাবি বনাম গোয়েন্দা রিপোর্ট
আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের দাবি, ইরানের সামরিক ও শিল্প পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি দেশের পারমাণবিক শিল্পভিত্তির ৮০ শতাংশ ধ্বংস হওয়ার কথাও জানিয়েছেন। কিন্তু পশ্চিমি গোয়েন্দা মূল্যায়নে উঠে আসা তথ্য অন্য ইঙ্গিত দিচ্ছে। সেখানে বলা হচ্ছে, ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি। ফলে ভবিষ্যতে সংঘাত ফের শুরু হলে ইরান পাল্টা আঘাত হানার মতো সামরিক সক্ষমতা ধরে রাখতে পারে।
আমেরিকার জন্য কতটা বড় চ্যালেঞ্জ?
বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির বিচারে আমেরিকা ইরানের তুলনায় অনেক এগিয়ে। কিন্তু ইরানের কৌশল সরাসরি আমেরিকার সঙ্গে অস্ত্রের সংখ্যায় পাল্লা দেওয়া নয়। বরং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা এবং দীর্ঘ সংঘাতেও নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখা। অন্যদিকে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার হওয়ায় আমেরিকার অস্ত্রভাণ্ডারের উপরও চাপ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের পর্যবেক্ষণ।
সব মিলিয়ে, আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানের সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি বলেই ইঙ্গিত দিচ্ছে পশ্চিমি গোয়েন্দা রিপোর্ট।












