স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা। দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ পাওয়া রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার সকালে মধ্য স্পেনের তোলেদো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া পর্যন্ত হাইস্পিড রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা। দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ পাওয়া রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার সকালে মধ্য স্পেনের তোলেদো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া পর্যন্ত হাইস্পিড রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরে মোরা ও ওরগাজ শহরের কাছে এই সংঘর্ষ ঘটে। মাদ্রিদ-সেভিল রুটে চলাচলকারী ‘রেনফে’ (Renfe) এবং ‘ইরিয়ো’ (Iryo) নামের দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের জেরে Iryo ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়।
সংঘর্ষের ফলে ট্রেনগুলোর কয়েকটি বগি ছিটকে রেললাইনের পাশের ঢালু জমিতে পড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত কামরা থেকে যাত্রীদের উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার পর রেল পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের যাতায়াতেও প্রভাব পড়েছে।
কাস্তিলা-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিলা জানিয়েছেন, ‘ইরিয়ো’ ট্রেনে একটি শিশুসহ মোট ১৪৭ জন যাত্রী ছিলেন এবং ‘রেনফে’ ট্রেনে ছিলেন ৩৯৭ জন যাত্রী। পাদিলা জানান, সংঘর্ষের পর বেশ কয়েকটি বগি রেললাইনের পাশের ঢালু জমিতে পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বগিগুলো রেললাইনের পাশে খাদে কাত হয়ে পড়ে আছে এবং দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কাস্তিলা-লা মাঞ্চা টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, অন্তত একটি বগি রেললাইনের উঁচু অংশে আটকে আছে। আর নীচে ঢালু জমিতে দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব অংশ ও ভাঙা প্যানেল ছড়িয়ে পড়ে আছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দমকলকর্মী ও চিকিৎসাদল-সহ জরুরি সেবার কর্মীরা বড় পরিসরে উদ্ধারকাজ চালাচ্ছেন। নিকটবর্তী হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তোলেদো, আলকাজার দে সান হুয়ান এবং সিউদাদ রিয়ালের হাসপাতালগুলোকে আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।
একই রেলপথে এর আগেও দুর্ঘটনা
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও স্পেনের একই রেলপথে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কর্দোবা প্রদেশের আদামুজের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। পরপর দুর্ঘটনায় স্পেনের রেল পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সানচেজ বুধবারের পূর্বনির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন। অন্যদিকে, বিরোধী দল ‘পিপলস পার্টি’ও তাদের সব নির্বাচনী প্রচার কার্যক্রম স্থগিত করেছে বলে দলের একজন মুখপাত্র জানিয়েছেন।




