- Home
- World News
- International News
- র্যাপার থেকে সোজা প্রধানমন্ত্রীর আসনে? ভোটের আগে কাঠমান্ডু কাঁপিয়ে প্রচার বালেনের
র্যাপার থেকে সোজা প্রধানমন্ত্রীর আসনে? ভোটের আগে কাঠমান্ডু কাঁপিয়ে প্রচার বালেনের
Balen Shah: প্রাক্তন র্যাপার ও মেয়র বালেন শাহ এবার নেপালের প্রধানমন্ত্রী পদের দৌড়ে। ভোটের মুখে কাঠমান্ডুতে বিশাল রোড শো করে প্রচার শুরু করেছেন তিনি। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির এই নেতাকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে।

প্রচারে বালেন শাহ
নেপালের কাঠমান্ডুতে এখন ভোটের উত্তাপ। প্রাক্তন র্যাপার থেকে মেয়র হওয়া বালেন্দ্র শাহ (বালেন) এবার প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। বৃহস্পতিবার ভোটগ্রহণের আগে জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি।
ঝাপা কেন্দ্রের প্রার্থী
আসন্ন ৫ মার্চের নির্বাচনে ঝাপা কেন্দ্র থেকে লড়ছেন বালেন। তাঁর প্রতিপক্ষ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে ভোটের আগে কাঠমান্ডুতে একটি বিশাল রোড শো করে প্রচার সারলেন তিনি। গাড়ির সানরুফ থেকে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় বালেন ও তাঁর দলের সভাপতি রবি লামিছানেকে। রাস্তার দু'পাশে তখন উপচে পড়া ভিড়।
নেপালে নির্বাচন
সোমবার মধ্যরাতের পর থেকেই নির্বাচনের জন্য 'সাইলেন্স পিরিয়ড' বা প্রচারের নীরব পর্ব শুরু হয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে 'জেন-জি' প্রজন্মের বিক্ষোভের পর নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ভেঙে দেওয়া হয়েছিল।
ভোটের উত্তাপ
কাঠমান্ডুর শাখু এলাকার বাসিন্দা সীতারাম তিওয়ারি সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "বালেন শাহ আর রবি লামিছানে প্রচারে আসায় প্রবল ভিড় হয়েছে। অন্য যেকোনো রাজনৈতিক সমাবেশের চেয়ে বেশি লোক এসেছে। এতে ভোটের উত্তেজনা আরও বেড়ে গেছে।"
মেয়র পদ ছেড়়ে প্রধানমন্ত্রীর দৌড়ে
বালেন তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে সারা দেশে প্রচার চালাচ্ছিলেন। ৫ মার্চের নির্বাচনে লড়ার জন্য তিনি ১৮ জানুয়ারি মেয়রের পদ থেকে ইস্তফা দেন। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে নেপালের রাজধানী থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন এই প্রাক্তন র্যাপার। ইস্তফার দিনই তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সিনিয়র নেতার দায়িত্ব নেন।
নেপাল বদলের আশা
কাঠমান্ডুর আরেক বাসিন্দা অম্বিকা বিকে এএনআই-কে জানান, "অন্যান্য দল বা ক্ষমতায় থাকা নেতাদের চেয়ে বালেন তাঁর দেওয়া কথা বেশি রাখছেন। আমি আশা করি, উনি আরও চাকরির সুযোগ তৈরি করবেন এবং একটা পরিবর্তনের হাওয়া আনবেন। সব বয়সের মানুষই তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।"
প্রধানমন্ত্রী পদপ্রার্থী বালেন
গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সঙ্গে বালেনের একটি ৭-দফা চুক্তি হয়। সেখানেই ঠিক হয়, দল থেকে তাঁকেই পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে। চুক্তি অনুযায়ী, রবি লামিছানে দলের কেন্দ্রীয় সভাপতি থাকবেন এবং নির্বাচনের পর বালেন হবেন দলের সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
বালেনের প্রতিশ্রুতি
আরএসপি প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই ভেঙে দেওয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২১টি আসন জিতে চতুর্থ বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছিল। বালেন সেপ্টেম্বরের 'জেন-জি' আন্দোলনের দাবিদাওয়াগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে ঝাপা-৫ কেন্দ্রের লড়াই এবার বেশ জমজমাট হতে চলেছে।
নেপালে বিক্ষোভ
গত বছর সেপ্টেম্বর নেপালে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। তাতেই ৯ সেপ্টেম্বর ক্ষমতা ছাড়়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা।
নেপালে অন্তর্বর্তী সরকার
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। তিনি নেপালে নির্বাচিত সরকার গঠনের জন্য ৫ মার্চ গণভোটের দিন স্থির করেছেন।

