Nepal Flood: পাহাড়ের সুনামির পর চারদিকে শুধু কাদার সমুদ্র, গুঁড়িয়ে যাওয়া আসবাব, উপড়ে আসা গাছের গুঁড়ি আর ভিটেমাটি হারা মানুষের হাহাকার। নেপালের বুক চিরে নেমে আসা প্রলয়ঙ্করী হড়পা বানের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আস্ত আস্ত জনপদ।
Nepal Flood: পাহাড়ের সুনামির পর চারদিকে শুধু কাদার সমুদ্র, গুঁড়িয়ে যাওয়া আসবাব, উপড়ে আসা গাছের গুঁড়ি আর ভিটেমাটি হারা মানুষের হাহাকার। নেপালের বুক চিরে নেমে আসা প্রলয়ঙ্করী হড়পা বানের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আস্ত আস্ত জনপদ। প্রকৃতির সেই তাণ্ডবলীলার ছবি যখন বিশ্ববাসীকে শিউরে তুলছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাসতে শুরু করেছে এক অবিশ্বাস্য দৃশ্য। পাহাড়ি ঢালে জলের মহাস্রোত যেখানে সব কিছু ধুয়েমুছে সাফ করে দিয়েছে, সেখানে সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একা অক্ষত দাঁড়িয়ে রয়েছে একটি দোতলা বাড়ি!
বাড়িটিতে আছড়ে পড়ে হড়পা বানের ভয়াবহ স্রোত
জলস্তর কিছুটা নামতেই স্পষ্ট হয় সেই অলৌকিক দৃশ্য। চারপাশে যখন শুধুই ধ্বংসস্তূপ, তখন এই নীল-সাদা বাড়িটি যেন প্রকৃতির প্রলয়কে চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রতিরোধের প্রতীক হয়ে। কীভাবে সম্ভব হলো এটি? জলের যে প্রবল ধাক্কায় আস্ত সেতু ভেসে যায়, সেই শক্তিকে প্রতিহত করে বাড়িটি টিকে রইল কীভাবে? সাধারণ মানুষ একে ঈশ্বরের অলৌকিক কৃপা বলে মনে করলেও, সিভিল ইঞ্জিনিয়ার এবং স্থাপত্য বিশেষজ্ঞদের দাবি, এর নেপথ্যে কোনও অলৌকিক ঘটনা নয়, বরং লুকিয়ে রয়েছে আধুনিক বিজ্ঞান এবং অনন্য নির্মাণশৈলীর নিখুঁত ব্যাকরণ।
দেখুন ভিডিও
কীভাবে টিকে গেল
ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলে ঐতিহ্যবাহী উপায়ে তৈরি পাথর বা ইটের 'ম্যাসনরি' (Masonry) কাঠামোর বাড়িগুলি জলের পার্শ্ববর্তী চাপ (Lateral Pressure) এবং ধ্বংসাবশেষের আঘাত সামলাতে পারে না। প্রবল স্রোত ধাক্কা মারলেই এ ধরনের দেওয়ালে ফাটল ধরে এবং কাঠামোয় থাকা 'শিয়ার ফোর্স' (Shear Force) সামলানোর ক্ষমতা না থাকায় নিমেষেই তা ভেঙে পড়ে।
ইঞ্জিনিয়ারিং ব্যাখা
কিন্তু নেপালের এই আলোচিত বাড়িটির রহস্য লুকিয়ে রয়েছে তার অভ্যন্তরীণ কঙ্কালে। বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী 'রেইনফোর্সড কনক্রিট' বা আরসি স্ট্রাকচারাল ফ্রেম। অর্থাৎ কলাম, বিম এবং ছাদ, গোটা বিষয়টি একটি অবিচ্ছেদ্য শক্তিশালী কাঠামোর সঙ্গে যুক্ত। কংক্রিটের ভেতরে সুবিন্যস্ত স্টিলের রড এমন এক বন্ধন তৈরি করেছে, যা জলের প্রবল চাপ এবং টান। দুই ধরনের বলকেই অনায়াসে শুষে নিতে সক্ষম। শুধু তাই নয়, মাটির গভীরে থাকা শক্ত ভিতথেকে শুরু করে ওপরের বিম-কলাম পর্যন্ত রেইনফোর্সমেন্টের এই নিরবচ্ছিন্ন সংযোগের কারণে পুরো বাড়িটি একটি একক ‘ইন্টারকানেক্টেড ফ্রেম’ হিসেবে কাজ করেছে।
দেখুন ভিডিও
জলের গতিবিজ্ঞানের প্রভাব
তবে শুধু মজবুত নির্মাণই নয়, বাড়িটির বেঁচে যাওয়ার পেছনে রয়েছে এর অনন্য স্থাপত্যবিদ্যা এবং হাইড্রোডাইনামিকস বা জলের গতিবিজ্ঞানের প্রভাব। আধুনিক সিমুলেশন ও ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বাড়িটির গঠন এমন যে পাহাড়ি ঢাল বেয়ে আসা প্রলয়ঙ্করী স্রোত এর দেওয়ালে সরাসরি আছড়ে পড়েনি। বরং বাড়িটির বিশেষ কোণ ও অবয়ব প্রবল জলের গতিকে রুখে না দিয়ে তাকে দু’পাশে চালিত (Divert) হতে সাহায্য করেছে। ফলে, স্রোতের সঙ্গে ভেসে আসা বড় বড় পাথরের খণ্ড বা উপড়ানো গাছ সরাসরি বাড়িতে আঘাত না করে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। জলের শক্তির সাথে লড়াই না করে, সেই শক্তিকে বুদ্ধিমানের মতো পাশ কাটিয়ে দেওয়াই ছিল এই বাড়ির টিকে থাকার সবচেয়ে বড় চাবিকাঠি।
বড় শিক্ষা
প্রকৃতির জলকাদায় তৈরি এই বিষণ্ণ ক্যানভাসে দাঁড়িয়ে থাকা একক বাড়িটি আজ শুধু এক আশ্চর্যের উপাদান নয়, বরং আধুনিক নগর পরিকল্পনার জন্য এক বড় শিক্ষা। নেপালের এই ধ্বংসলীলা ফের নতুন করে প্রশ্ন তুলে দিল,জলবায়ু পরিবর্তনের এই যুগে প্রকৃতির রুদ্ররূপের সাথে লড়তে গেলে আমাদের বাসস্থান কি এবার আরও বেশি বিজ্ঞানসম্মত ও আধুনিক প্রযুক্তিনির্ভর করে তোলা বাধ্যতামূলক? প্রকৃতির শক্তির সামনে মানুষ হয়তো অসহায়, কিন্তু সঠিক বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন যে মৃত্যুকূপের মাঝেও প্রাণের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, নেপালের এই বাড়িটিই আজ তার সবচেয়ে বড় প্রমাণ।


