
Japan Flood: জাপানে রেকর্ড বৃষ্টির বন্যায় দু তলার বাড়ির ছাদে জল, রাজপথে সুনামির স্রোত
জাপানের নাগোয়ায় প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় জাপানের নাগোয়া শহরের একাধিক এলাকায় জারি করা হয় সর্বোচ্চ স্তরের Level 5 জরুরি সতর্কতা।
জাপানের নাগোয়ায় প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় জাপানের নাগোয়া শহরের একাধিক এলাকায় জারি করা হয় সর্বোচ্চ স্তরের Level 5 জরুরি সতর্কতা। ইতিমধ্যেই জলমগ্ন রাস্তা ও বাড়িঘরের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চিকুসা, মরিয়ামা এবং মেইতো ওয়ার্ডের কিছু এলাকায় এই সতর্কতা জারি করা হয়। শহরের বিভিন্ন নদীতে বন্যার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কাছাকাছি উঁচু ভবন অথবা বাড়ির দ্বিতীয় তলা বা তার উপরে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বিকেল ৪টা ৫৩ মিনিট পর্যন্ত এক ঘণ্টায় নাগোয়ায় রেকর্ড ১০৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে শহরের ড্রেনেজ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্ডারপাস, ভূগর্ভস্থ শপিং আর্কেড এবং আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় জল ঢুকে পড়ার ঝুঁকি থাকায় নাগরিকদের ভূগর্ভস্থ এলাকায় না থাকার জন্য সতর্ক করা হয়েছে।