বাঙালি হেঁসেলে লাউ দিয়ে হরেক রকমের রান্না হয়। কিন্তু জানেন কি এই লাউ দিয়ে আবার পায়েস বানানো যায়? পুষ্টিগুণে ভরপুর এই পায়েস পেট ঠান্ডা রাখে। রইল লাউয়ের পায়েসের সহজ রেসিপি।

বাঙালি হেঁসেলে লাউ দিয়ে হরেক রকমের রান্না হয়। কিন্তু জানেন কি এই লাউ দিয়ে আবার পায়েস বানানো যায়? পুষ্টিগুণে ভরপুর এই পায়েস পেট ঠান্ডা রাখে। রইল লাউয়ের পায়েসের সহজ রেসিপি।

বাঙালি হেঁসেলে লাউ (Bottle Gourd) দিয়ে হরেক রকমের রান্না করা হয়ে থাকে। কখনো লাউ চিংড়ি কখনো লাউ ঘন্ট আবার কখনো বা লাউয়ের ডাল। পুষ্টিগুণে ভরপুর এক সবজি যেমন একদিকে পেট ঠান্ডা রাখে ঠিক তেমনই আবার শরীর স্বাস্থ্য ভালো রাখে। কিন্তু জানেন কি এই লাউ দিয়ে আবার পায়েস বানানো যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিরামিষ দিনে বা গরমে ঠান্ডা ঠান্ডা এই পায়েস মন জুড়িয়ে দেবে। চলুন শিখে নেওয়া যাক কীভাবে এই লাউয়ের পায়েস বানাতে হয়।

লাউয়ের পায়েস বানানোর উপকরণ: - ১ লিটার দুধ (ফুল ফ্যাট) - মাঝারি আকারের ১টি কচি লাউ - বড় বাটির ১ বাটি চিনি (স্বাদ মতো) - ২ চামচ ঘি - কাঠবাদাম কুচি, পেস্তা কুচি, কাজুবাদাম কুচি - ২-৩ টি এলাচ গুঁড়ো ও কিশমিশ

প্রস্তুত প্রণালী:

প্রথম ধাপ - লাউ প্রস্তুত: প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভেতরের বীজ ফেলে দিন। তারপর লাউটাকে গ্রেটারে ঝিরি ঝিরি করে গ্রেট করে নিন। গ্রেট করা লাউ ভালো করে চেপে জল বের করে নিন। এই জল ফেলবেন না, ডালে ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় ধাপ - লাউ ভাজা: কড়াইতে ২ চামচ ঘি গরম করে তাতে গ্রেট করা লাউ দিয়ে ৪-৫ মিনিট হালকা আঁচে ভেজে নিন। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। বেশি লাল করবেন না।

তৃতীয় ধাপ - দুধ জ্বাল: অন্য একটি পাত্রে ১ লিটার দুধ জ্বাল দিতে বসান। দুধ ফুটে ঘন হয়ে অর্ধেক হয়ে এলে তাতে ভেজে রাখা লাউ দিয়ে দিন।

চতুর্থ ধাপ - পায়েস রান্না: মাঝারি আঁচে দুধ ও লাউ একসঙ্গে ১৫-২০ মিনিট ফোটান। ক্রমাগত নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়। দুধ আরও ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে এলে চিনি, কাজু, কিশমিশ ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। চিনি দিলে দুধ পাতলা হবে, তাই আরও ৫ মিনিট ফুটিয়ে নিন।

পঞ্চম ধাপ - পরিবেশন: পায়েস ঘন হয়ে এলে উপর থেকে বাদাম কুচি, পেস্তা কুচি ও এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও বাড়ে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ঠাকুরবাড়ির স্টাইলে লাউয়ের পায়েস।