Food Tips: বারবার চালের পায়েস খেয়ে একঘেয়ে লাগছে? এবার ট্রাই করুন সুজির পায়েস। কম সময়ে, কম উপকরণে তৈরি এই পায়েস স্বাদে অতুলনীয়। কীভাবে রান্না করবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Food Tips: বাঙালির যে কোনও শুভ অনুষ্ঠান, পুজো, জন্মদিন বা অতিথি আপ্যায়নে পায়েস থাকতেই হবে। সাধারণত আমরা গোবিন্দভোগ চাল দিয়েই পায়েস বানিয়ে থাকি। কিন্তু চালের পায়েস বানানো বেশ সময়সাপেক্ষ। চাল ভেজানো, দুধ ঘন করা, চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, সব মিলিয়ে প্রায় এক ঘণ্টা লেগে যায়। আর অনেক সময় চাল ঠিক মতো সেদ্ধ না হলে পায়েসের স্বাদ নষ্ট হয়ে যায়।

এই সমস্যার সহজ সমাধান হল সুজির পায়েস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাড়িতে থাকা সামান্য সুজি দিয়েই বানিয়ে ফেলা যায় দারুণ সুস্বাদু, রাবড়ির মতো ঘন পায়েস। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি বানাতে ১৫ থেকে ২০ মিনিটের বেশি সময় লাগে না এবং খেতে একদমই দানা দানা থাকে না। বাচ্চা থেকে বড় সকলেই এই পায়েসের স্বাদ পছন্দ করবে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে।

উপকরণ লাগবে:

১. সুজি - ১/২ কাপ

২. দুধ - ১ লিটার ফুল ফ্যাট

৩. চিনি - স্বাদ মতো (প্রায় ১/২ কাপ)

৪. ঘি - ২ চামচ

৫. কাজু, কিশমিশ, আমন্ড - পরিমাণ মতো

৬. এলাচ গুঁড়ো - ১/২ চামচ

৭. কেশর - এক চিমটে (ঐচ্ছিক)

বানানোর পদ্ধতি:

প্রথমে কড়াইতে ১ চামচ ঘি গরম করে সুজিটা হালকা সোনালি করে ভেজে নিন। বেশি লাল করবেন না, তাহলে তেতো লাগবে। ভাজা হয়ে গেলে তুলে রাখুন।

একই কড়াইতে বাকি ঘি দিয়ে কাজু, কিশমিশ ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে ১ লিটার দুধ ঢেলে ফুটতে দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ভাজা সুজিটা অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়।

৫-৬ মিনিট নাড়াচাড়া করলেই সুজি সেদ্ধ হয়ে দুধ ঘন হয়ে আসবে। এই সময় চিনি, এলাচ গুঁড়ো আর কেশর দিয়ে দিন। আরও ২ মিনিট ফুটিয়ে ভাজা ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে দিন।

ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই নামানোর সময় একটু পাতলা রাখবেন। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। চাইলে ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলে স্বাদ আরও বাড়বে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।