Parents Habits: বাচ্চারা বড়দের দেখে নকল করে। মা-বাবার ফোন আসক্তি, রাগ আর মিথ্যে বলার অভ্যেস সরাসরি ছাপ ফেলে শিশুর মনে। জেনে নিন কোন ৩টি ভুল আজই শুধরানো দরকার।
Parenting Mistakes: আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো মানুষ হোক, ভদ্র হোক, সৎ হোক। তাই বই কিনে দিই, টিউশন দিই, ভালো স্কুলে ভর্তি করি। কিন্তু দিনের শেষে বাচ্চা সবচেয়ে বেশি কী শেখে জানেন? আপনার দৈনন্দিন ছোট ছোট অভ্যেস। শিশু মন হল কাঁচা মাটির মতো। আপনি যেভাবে ছাঁচ দেবেন, ও সেভাবেই গড়ে উঠবে। আর এই ছাঁচটা আমরা অজান্তেই দিয়ে ফেলি আমাদের নিজেদের অভ্যেস দিয়ে। চাইল্ড সাইকোলজিস্টরাও বলেন, ০ থেকে ৮ বছর বয়স পর্যন্ত বাচ্চারা ৯০% শেখে অনুকরণ করে। তাই আপনার ৩টি ছোট ভুল অভ্যেস ওর সারাজীবনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
১. ফোনে মুখ গুঁজে থাকার অভ্যাস
সকাল থেকে রাত, খাওয়ার সময়, বাচ্চার সাথে খেলার সময়, এমনকি ঘুমানোর আগেও হাতে ফোন। এটা এখন প্রায় সব বাড়ির ছবি। আপনি ভাবছেন বাচ্চা ছোট, ও বোঝে না। কিন্তু ও কিন্তু সব দেখছে। ফল কী হচ্ছে? বাচ্চাও ভাবছে ফোনই জীবন। ওরাও ২ বছর বয়স থেকেই ইউটিউব, রিলস চায়। ওদের মনোযোগ কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, আর আপনার সাথে কথা বলার আগ্রহও হারিয়ে ফেলছে। আপনি যদি চান বাচ্চা বই পড়ুক, তাহলে আগে আপনাকে ফোনটা পাশে রেখে ওর সাথে সময় কাটাতে হবে। বাচ্চা যা দেখবে, তাই শিখবে।
২. রেগে গিয়ে চিৎকার করা বা জিনিসপত্র ছোঁড়ার অভ্যাস
অফিসের স্ট্রেস, সংসারের চাপ - রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু বাচ্চার সামনে চিৎকার করে কথা বলা, রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলা বা স্বামী-স্ত্রী ঝগড়া করা? এটা বাচ্চার মনে গভীর দাগ কেটে যায়। যে বাচ্চা ছোটবেলা থেকে দেখে আসে যে রাগ মানেই চিৎকার, সমস্যার সমাধান মানেই ঝগড়া, বড় হয়ে সেও তাই করবে। ওর মধ্যে একটা ভয় আর অনিশ্চয়তা কাজ করবে। তাই রাগ হলেও বাচ্চার সামনে শান্তভাবে কথা বলার অভ্যেস করুন। ওকে শেখান, সমস্যা কথা বলে মেটে, চিৎকার করে নয়।
৩. ছোট ছোট মিথ্যে বলার অভ্যাস
"বলো বাবা বাড়িতে নেই", "দোকানদারকে বলো পরে টাকা দেব", "টিচারকে বলো খাতা হারিয়ে গেছে"। আমরা ভাবি এগুলো নিছক ছোট মিথ্যে। কিন্তু বাচ্চার কাছে এটা হল শিক্ষা। ও শিখে যাচ্ছে যে নিজের সুবিধার জন্য মিথ্যে বলা যায়। কাল ও-ও স্কুল ফাঁকি দেওয়ার জন্য মিথ্যে বলবে, বা বন্ধুদের কাছে নিজেকে বড় দেখানোর জন্য গল্প বানাবে। সততা শেখাতে হলে আগে নিজেকে সৎ হতে হবে। এমনকি কঠিন পরিস্থিতিতেও।
তাহলে উপায় কী?
বাচ্চাকে বদলানোর আগে নিজেকে বদলান। দিনে ৩০ মিনিট ফোন ছাড়া "কোয়ালিটি টাইম" রাখুন। রাগ হলে ১০ সেকেন্ড চুপ করে যান। আর সবসময় সত্যি কথা বলুন, সে যতই কঠিন হোক। মনে রাখবেন, আপনি যা করবেন, আপনার সন্তান ঠিক তাই-ই করবে। বাচ্চাদের সবচেয়ে বড় স্কুল হল তার বাড়ি, আর সবচেয়ে বড় শিক্ষক হল তার মা-বাবা। আপনার ফোন, আপনার রাগ আর আপনার মিথ্যে - এই তিনটে জিনিসই ওর শৈশবে সবচেয়ে গভীর ছাপ ফেলে। তাই আজ থেকেই নিজের অভ্যেসগুলো একবার ঝালাই করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


