AC Sleeping Pod: হোটেলের দিনভর ভাড়ার ঝক্কি শেষ! এবার রেল স্টেশনেই ঘণ্টা হিসেবে মাত্র ৯৯ টাকায় মিলবে এসি প্রাইভেট স্লিপিং পড। আলুভা ও এরনাকুলম জংশনে চালু হচ্ছে এই অত্যাধুনিক বিশ্রামকক্ষ।
Private Pod: ট্রেন লেট? মাঝরাতে কানেক্টিং ট্রেন? স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে থাকতে বিরক্ত? এবার যাত্রীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল দক্ষিণ রেল। হোটেলের মতো ২৪ ঘণ্টার ভাড়া নয়, এবার ঘণ্টা হিসেবে মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে প্রাইভেট এসি স্লিপিং পড।
কোথায় চালু হচ্ছে এই সুবিধা?
কেরলের (Kerala) দু'টি গুরুত্বপূর্ণ স্টেশনে এই আধুনিক সুবিধা চালু হতে চলেছে — আলুভা এবং এরনাকুলম জংশন। তিরুবনন্তপুরম রেল ডিভিশনে এটাই প্রথম স্লিপিং পড পরিষেবা হতে চলেছে।
- আলুভা স্টেশন: KSRTC বাস স্ট্যান্ডের ঠিক উল্টোদিকে রেলের জমিতে তৈরি হবে এই এক্সিকিউটিভ লাউঞ্জ। প্রায় ১০,০০০ স্কয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হবে দোতলা ভবন। এর জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে দক্ষিণ রেল। জমি দেবে রেল, আর তৈরি ও পরিচালনা করবে বেসরকারি সংস্থা, ১০ বছরের লিজে। - এরনাকুলম জংশন: এখানে মেইন প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে থাকা বর্তমান এসি ওয়েটিং রুমের উপরেই তৈরি হবে নতুন লাউঞ্জটি।
৯৯ টাকায় কী কী সুবিধা পাবেন?
এটা সাধারণ ওয়েটিং হল নয়, একেবারে প্রাইভেট কেবিন। প্রতিটি পডে থাকবে — রিক্লাইনিং বেড, ব্যক্তিগত এসি কন্ট্রোল, প্রাইভেসির জন্য দরজা বা লক, ইউএসবি চার্জিং পোর্ট, রিডিং লাইট এবং হাই-স্পিড Wi-Fi। যাত্রীরা ঘণ্টা হিসেবে ভাড়া দিতে পারবেন, পুরো দিনের ভাড়া দিতে হবে না। শুরুটা ৯৯ টাকা প্রতি ঘণ্টা থেকে। বিশেষ করে যাঁদের দীর্ঘ লে-ওভার, ট্রেন লেট বা মাঝরাতে ট্রেন ধরার আছে, তাঁদের জন্য এটি খুবই নিরাপদ ও আরামদায়ক বিকল্প হবে।
একা ভ্রমণকারীদের জন্য আদর্শ
এখন অনেকেই একা ভ্রমণ করেন। তাঁদের জন্য রেলের এই ব্যবস্থা আদর্শ। কয়েক ঘণ্টার জন্য বিশ্রাম নিতে হলে খুব বেশি টাকা খরচ করতে হবে না। ফলে দক্ষিণ রেলের এই উদ্যোগ বহু মানুষের জন্য উপকারী হয়ে উঠতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।















